প্রিন্ট এর তারিখঃ Nov 22, 2026 ইং || প্রকাশের তারিখঃ Nov 2, 2025 ইং
৩৫ হাজার টাকা বেতনসহ ২১ দফা দাবিতে কুড়িগ্রামে সাংবাদিকদের আন্দোলন

মোঃ রাশেদুল ইসলাম কুড়িগ্রাম প্রতিনিধি:
ন্যূনতম ৩৫ হাজার টাকা বেতন, সাগর-রুনি সহ সকল সাংবাদিক হত্যার বিচার, নবম ওয়েজ বোর্ড বাস্তবায়ন, দশম ওয়েজ বোর্ড গঠন ও চাকরিচ্যুত সাংবাদিকদের পুনঃবহালসহ ২১ দফা দাবিতে মানববন্ধন ও সমাবেশ করেছে কুড়িগ্রাম সাংবাদিক ইউনিয়ন (কেজিইউজে)।
শনিবার (১ নভেম্বর) দুপুর ১২টায় বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে)-এর কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে কুড়িগ্রাম কলেজ মোড়ে ঘন্টাব্যাপী এই মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে জেলার ৯টি উপজেলা থেকে প্রায় অর্ধশতাধিক সাংবাদিক অংশ নেন।
সমাবেশে সভাপতিত্ব করেন কুড়িগ্রাম সাংবাদিক ইউনিয়নের আহবায়ক আরিফুল ইসলাম রিগান। বক্তব্য রাখেন ইউনিয়নের সদস্য সচিব মনোয়ার হোসেন লিটন, যুগ্ম আহবায়ক আমিনুল ইসলাম, বাবুল জামান, রাশিদুল ইসলাম রাশেদ, মুহাম্মদ জুবাইর ইসলাম, আব্দুল্লাহ সাহেদ, সাংবাদিক সাওরাত সোহেল ও খন্দকার আরিফুল ইসলাম প্রমুখ।
এ সময় সাংবাদিকদের দাবির প্রতি সহমত প্রকাশ করে বক্তব্য রাখেন কুড়িগ্রাম প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও একুশে টিভির জেলা প্রতিনিধি আতাউর রহমান বিপ্লব। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কুড়িগ্রাম সাংবাদিক ইউনিয়নের যুগ্ম আহবায়ক তামজিদ হাসান তুরাগ।
বক্তারা বলেন, সাংবাদিকদের জীবন-জীবিকার নিশ্চয়তা, নিরাপত্তা ও ন্যায্য মজুরি এখন সময়ের দাবি। তারা অবিলম্বে ২১ দফা দাবি বাস্তবায়নের আহ্বান জানান। অন্যথায় দেশব্যাপী দুর্বার আন্দোলন গড়ে তোলার হুঁশিয়ারি দেন সাংবাদিকরা।
স্বত্ব © দৈনিক জনতার খবর ২০২৫ | ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।