মোঃ মশিউর রহমান
দিনাজপুরে সাংবাদিক ইউনিয়নের উদ্যোগে এক বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সাগর-রুনিসহ সকল সাংবাদিক হত্যার বিচার, নবম ওয়েজ বোর্ড বাস্তবায়ন, দশম ওয়েজ বোর্ড গঠন এবং চাকরিচ্যুত সাংবাদিকদের পুনর্বহালের দাবিতে ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে শনিবার (১ নভেম্বর ২০২৫) সকালে এই সমাবেশের আয়োজন করা হয়।
সকাল ১১টায় দিনাজপুর প্রেসক্লাবের সামনে অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন সাংবাদিক ইউনিয়ন দিনাজপুরের সভাপতি অধ্যাপক সাদাকাত আলী খান। সমাবেশটি সঞ্চালনা করেন সংগঠনের সহ-সাধারণ সম্পাদক ও দৈনিক আমার দেশ এর দিনাজপুর জেলা প্রতিনিধি মাহবুবুল হক খান।
সমাবেশে বক্তব্য রাখেন দিনাজপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালক ও জেলা বিএনপির তথ্য ও প্রচার সম্পাদক মঞ্জুর মুর্শেদ সুমন, সাংবাদিক ইউনিয়ন দিনাজপুরের সাধারণ সম্পাদক ও আমার দেশ এর পার্বতীপুর উপজেলা প্রতিনিধি মাহফিজুল ইসলাম রিপন, সহ-সভাপতি ফারুক হোসেন, অর্থ সম্পাদক আব্দুস সালাম প্রমুখ।
বক্তারা বলেন, সাগর-রুনি সহ সকল সাংবাদিক হত্যার দ্রুত বিচার নিশ্চিত করতে হবে। পাশাপাশি নবম ওয়েজ বোর্ড বাস্তবায়ন, দশম ওয়েজ বোর্ড গঠন এবং চাকরিচ্যুত সাংবাদিকদের পুনর্বহালসহ সাংবাদিকদের ২১ দফা দাবি অবিলম্বে মেনে নিতে হবে। শুধু কথার আশ্বাস নয়, কথার সঙ্গে বাস্তব পদক্ষেপের সমন্বয় ঘটিয়ে সরকারকে এ দাবিগুলো বাস্তবায়ন করার আহ্বান জানান তারা।
বিক্ষোভ সমাবেশে উপস্থিত ছিলেন সাংবাদিক মামুনুর রশিদ বিপ্লব, মেনহাজুল ইসলাম তারেক, সালাহ উদ্দিন আহমেদ, আবুল ওহাব, লুৎফর রহমান, সাজেদুর রহমান নওশাদ, ইসমাইল হোসেনসহ স্থানীয় গণমাধ্যমের কর্মীরা।