প্রিন্ট এর তারিখঃ Mar 3, 2026 ইং || প্রকাশের তারিখঃ Oct 29, 2025 ইং
বাগান বাজারের সামিউলের গবেষণাপত্র স্থান পেল আন্তর্জাতিক সম্মেলন IEEE BigData 2025-এ

মোঃ মোশাররফ হোসেন
চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার বাগান বাজারের কৃতি সন্তান মো. সামিউল আলিম (সামিউল আলিম সামি) অর্জন করেছেন আন্তর্জাতিক এক গৌরবময় সাফল্য। তাঁর গবেষণাপত্র “Teacher-Guided One-Shot Pruning via Context-Aware Knowledge Distillation” গৃহীত হয়েছে বিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ সম্মেলন IEEE International Conference on Big Data (BigData 2025)-এ।
উল্লেখ্য, গুগল স্কলারের র্যাংকিং অনুসারে IEEE BigData সম্মেলনটি বর্তমানে বিশ্বব্যাপী ডেটা মাইনিং ও বিশ্লেষণ বিষয়ক কনফারেন্সগুলোর মধ্যে অষ্টম স্থানে রয়েছে। এবছর সম্মেলনের পেপার অ্যাকসেপ্টেন্স রেট ছিল মাত্র ১৮.৮%, অর্থাৎ প্রতি ১০০টি প্রস্তাবিত গবেষণার মধ্যে গৃহীত হয়েছে কেবল ১৯টি।
এই সম্মেলনটি অনুষ্ঠিত হবে চীনের ম্যাকাও শহরে, যেখানে সামিউল ও তাঁর দল গবেষণাটি উপস্থাপন করবেন।
গবেষণাটি সম্পাদিত হয়েছে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের (NSU) অধীনে Apurba-NSU R&D Lab-এ। গবেষণার তত্ত্বাবধায়ক ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. নাবীল মোহাম্মদ, যিনি শুরু থেকে শেষ পর্যন্ত দলটিকে দিকনির্দেশনা দিয়েছেন। সহ-গবেষক হিসেবে কাজ করেছেন শারজিল খান, অমৃতজিত বিশ্বাস, ড. শাফিন রহমান ও ড. ফুয়াদ রহমান।
সামিউল জানান, গবেষণাটি তাঁর CSE-465 (Pattern Recognition) কোর্সের অংশ হিসেবে শুরু হয়েছিল। তিনি বলেন,
> “আমি এখনো মনে করতে পারি কত ঘণ্টা পরিশ্রম ও অধ্যবসায় লেগেছিল এই গবেষণাটি সম্পন্ন করতে। আলহামদুলিল্লাহ, সেই পরিশ্রম আজ সফল হয়েছে।”
তিনি আরও সহলেখক শারজিল খান ও অমৃতজিত বিশ্বাস-এর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তাঁদের অমূল্য সহায়তা ও দিকনির্দেশনার জন্য।
বর্তমানে সামিউল নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগে অধ্যয়নরত।
বাগান বাজারের মতো প্রত্যন্ত এলাকার একজন তরুণের আন্তর্জাতিক পর্যায়ে গবেষণাপত্র গৃহীত হওয়া নিঃসন্দেহে পুরো এলাকার জন্য গর্বের বিষয়।
তরুণ প্রজন্মের কাছে তাঁর এই অর্জন হয়ে থাকবে অদম্য পরিশ্রম ও সাফল্যের অনুপ্রেরণা।
স্বত্ব © দৈনিক জনতার খবর ২০২৫ | ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।