প্রিন্ট এর তারিখঃ Jul 25, 2026 ইং || প্রকাশের তারিখঃ Oct 28, 2025 ইং
নড়াইলে ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিবকে পিটিয়ে হত্যা

কাজী আতিকুর রহমান
নড়াইলের কালিয়ায় প্রতিপক্ষের হামলায় ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মাসুদ শেখ (৪৫) নিহত হয়েছেন।
মঙ্গলবার (২৮ অক্টোবর) সকাল সাড়ে ৯টার দিকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহত মাসুদ শেখ কালিয়া উপজেলার বাবরা-হাচলা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব ছিলেন। তিনি একই উপজেলার শুক্তগ্রামের মৃত সবুর শেখের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার (২৭ অক্টোবর) রাতে উপজেলার শুক্তগ্রামে হাডুডু খেলাকে কেন্দ্র করে স্থানীয়দের মধ্যে বিরোধের সৃষ্টি হয়। পরে বিষয়টি খেলার মাঠে মীমাংসা হয়। তবে রাত সাড়ে ৯টার দিকে খেলার মাঠ থেকে বাড়ি ফেরার পথে প্রতিপক্ষের লোকজন মাসুদ শেখের ওপর দেশীয় অস্ত্র ও হাতুড়ি দিয়ে হামলা চালায়। এতে তিনি গুরুতর আহত হন।
স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে কালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে মঙ্গলবার সকালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে।পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করছে।
স্বত্ব © দৈনিক জনতার খবর ২০২৫ | ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।