মোঃ মশিউর রহমান
দিনাজপুরের ঘোড়াঘাট পৌরসভা অফিস কার্যালয়ে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) এর উদ্যোগে “ক্লাস্টার ডেভেলপমেন্ট প্ল্যান” শীর্ষক দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৬ অক্টোবর) সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত অনুষ্ঠিত এ কর্মশালার সভাপতিত্ব করেন ঘোড়াঘাট প্রাথমিক শিক্ষা অফিসের কর্মকর্তা আবজাল হোসেন।
কর্মশালায় জানানো হয়, এলজিইডি’র রিজিলিয়েন্ট অ্যান্ড টেরিটরিয়াল ডেভেলপমেন্ট প্রজেক্ট (RTDP) এর আওতায় দেশের ৭৬টি পৌরসভার মধ্যে দিনাজপুর জেলার ১০টি পৌরসভায় ক্লাস্টার উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়ন করা হবে। এর অংশ হিসেবে ঘোড়াঘাট পৌরসভায় ক্যাপিটাল ইনভেস্টমেন্ট প্ল্যান (CIP) এবং ক্লাইমেট রেজিলিয়েন্ট অ্যাকশন প্ল্যান (CRAP) প্রণয়নের কাজ চলছে।
কর্মশালায় প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন ঘোড়াঘাটের সহকারী প্রকৌশলী মোকারম হোসেন, ডেভেলপমেন্ট প্রজেক্ট অফিসার সাইফুল ইসলাম, টেরিটরিয়াল ডেভেলপমেন্ট প্রজেক্ট কর্মকর্তা নুরুল আমিন তালুকদার, এবং এলজিইডি ক্লাস্টার ডেভেলপমেন্ট প্ল্যান বাস্তবায়ন কর্মকর্তা মুরতুজা রেজা।
এ সময় উপস্থিত ছিলেন ঘোড়াঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) নাজমুল হুদা, স্থানীয় জনপ্রতিনিধি, গণমাধ্যমকর্মী ও নাগরিক সমাজের প্রতিনিধিবৃন্দ।