প্রিন্ট এর তারিখঃ Mar 1, 2026 ইং || প্রকাশের তারিখঃ Oct 26, 2025 ইং
বরিশালে গৃহবধূ গণধর্ষণ মামলায় চার যুবকের ফাঁসির আদেশ

এইচ আর হিরা
বরিশালে চাঞ্চল্যকর গৃহবধূ গণধর্ষণ মামলায় চার যুবকের মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। রোববার (২৬ অক্টোবর) দুপুরে বরিশাল নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মো. রফিকুল ইসলাম এ রায় ঘোষণা করেন। দণ্ডিতরা হলেন, মো. রাসেল গাজী, মো. রোকন খান, মো. রাজিব জমাদ্দার এবং মো. জাহিদ হাওলাদার। আদালত তাদের প্রত্যেককে মৃত্যুদণ্ডের পাশাপাশি এক লাখ টাকা করে অর্থদণ্ডের আদেশ দেন। মামলার নথি অনুযায়ী, ২০১৬ সালের ৯ নভেম্বর বিকেলে আসামি রাসেল গাজী প্রতিবেশী গৃহবধূর বাসায় প্রবেশ করে ধর্ষণের চেষ্টা চালায়। ব্যর্থ হয়ে ক্ষুব্ধ রাসেল পরদিন (১০ নভেম্বর) সন্ধ্যায় তার সহযোগী রোকন খান, রাজিব জমাদ্দার ও জাহিদ হাওলাদারকে সঙ্গে নিয়ে পরিকল্পিতভাবে ওই গৃহবধূকে অপহরণ করে। তারা ভুক্তভোগীকে অটোরিকশাযোগে বরিশাল নগরীর ৩০ গোডাউন এলাকায় নিয়ে যায়। সেখানে হাত-পা ও মুখ বেঁধে সারা রাত ধরে পালাক্রমে গণধর্ষণ করা হয়। পরদিন সকালে আসামিরা তাকে উলঙ্গ অবস্থায় ফেলে পালিয়ে যায়। সকালে স্থানীয়রা গৃহবধূকে উদ্ধার করে, তবে কিছু ব্যক্তি তাকে অপমান ও মারধর করে। পরে তিনি আহত অবস্থায় বাড়ি ফিরে কোতোয়ালি মডেল থানায় মামলা দায়ের করেন। মামলার তদন্তভার পান তৎকালীন ওসি (তদন্ত) মো. আতাউর রহমান। ২০১৭ সালের ২৩ মে তিনি চার আসামির বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করেন। দীর্ঘ সাত বছরের বিচারিক প্রক্রিয়ায় ১১ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে আদালত আসামিদের দোষী সাব্যস্ত করে মৃত্যুদণ্ডের আদেশ দেন। ট্রাইব্যুনালের পেশকার অজিবর রহমান জানান, রায় ঘোষণার সময় রোকন খান ছাড়া অন্য তিন আসামি আদালতে উপস্থিত ছিল। রায় দেওয়ার পর তাদের কারাগারে পাঠানো হয়েছে। মামলার বিচার চলাকালীন রোকন খান জামিনে মুক্তি পেয়ে আত্মগোপন করেছে। গ্রেপ্তারের পর ৪ আসামি অপরাধ স্বীকার করে আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছে। মামলায় অজ্ঞাতনামা আরো ৮ থেকে ১০ জনকে আসামি করা হয়েছিল। তবে পুলিশি তদন্ত শেষে এজাহারে নামধারী চারজনের বিরুদ্ধে অভিযোগপত্র দেওয়া হয়। রায় ঘোষণার সময় তিন আসামি আদালতে উপস্থিত থাকলেও অপর এক আসামি রোকন খান এখনো পলাতক। রায়ের পর আদালতের বাইরে ভিকটিম ও তার পরিবারের সদস্যরা কান্নায় ভেঙে পড়েন এবং ন্যায়বিচারের জন্য বিচারককে ধন্যবাদ জানান। এই রায়ে বরিশালে নারী ও শিশু নির্যাতনের বিরুদ্ধে কঠোর আইনি অবস্থানের একটি দৃষ্টান্তমূলক উদাহরণ হিসেবে দেখছেন স্থানীয় আইনজীবী ও মানবাধিকার কর্মীরা।
বরিশাল সদর আসনে প্রার্থীতা ঘোষণা করলেন বিএনপি নেতা আলী হায়দার বাবুল
বরিশাল ব্যুরো:
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল সদর আসন (বরিশাল-৫) থেকে প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন বরিশাল মহানগর বিএনপির সাবেক ভারপ্রাপ্ত আহ্বায়ক অ্যাডভোকেট আলী হায়দার বাবুল। রোববার (২৬ অক্টোবর) বেলা ১১টায় বরিশাল প্রেস ক্লাবের হলরুমে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি আনুষ্ঠানিকভাবে নিজের প্রার্থীতা ঘোষণা করেন। সংবাদ সম্মেলনে তিনি বলেন, “জনগণের অধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধারের লক্ষ্যে আমি নির্বাচনে অংশ নিতে চাই। বরিশালবাসী সবসময় গণতান্ত্রিক আন্দোলনের পক্ষে ছিল, এবারও তারা পরিবর্তনের পক্ষে রায় দেবে বলে আমি আশাবাদী।” এ সময় তিনি আসন্ন নির্বাচনে অংশগ্রহণের প্রস্তুতি, দলের সাংগঠনিক অবস্থা এবং নির্বাচনী ইশতেহার প্রণয়নের প্রাথমিক পরিকল্পনা নিয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন। সংবাদ সম্মেলনে বরিশাল প্রেস ক্লাবের সভাপতি আমিনুল ইসলাম খসরু ও বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা উপস্থিত ছিলেন। অ্যাডভোকেট আলী হায়দার বাবুল দীর্ঘদিন ধরে বরিশাল মহানগর বিএনপির নেতৃত্বে সক্রিয় রয়েছেন। দলের বিভিন্ন আন্দোলন-সংগ্রামে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন বলে দলের নেতাকর্মীরা জানান। এদিকে, বিএনপির কেন্দ্রীয় সূত্রে জানা গেছে, বরিশাল বিভাগের ২১টি আসনে দলীয় মনোনয়ন প্রক্রিয়া চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে। এর মধ্যে বরিশাল-৫ (সদর) আসনটি দক্ষিণাঞ্চলের অন্যতম গুরুত্বপূর্ণ আসন হিসেবে বিবেচিত হচ্ছে। আগামী সোমবার (২৭ অক্টোবর) বিকাল ৪টায় রাজধানীর গুলশানে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এই আসনের মনোনয়নপ্রত্যাশীদের সঙ্গে বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। বৈঠকে অনলাইনে যুক্ত থাকবেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বরিশাল-৫ (সদর) আসন থেকে মনোনয়ন প্রত্যাশা করছেন চারজন নেতা। মজিবর রহমান সরোয়ার, আবু নাসের রহমতউল্লাহ, এবায়েদুল হক চাঁন এবং মনিরুজ্জামান ফারুক। দলীয় সূত্র বলছে, বৈঠক শেষে দক্ষিণাঞ্চলের এই গুরুত্বপূর্ণ আসনে মনোনয়নের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হতে পারে চলতি মাসের শেষ অথবা নভেম্বরের প্রথম সপ্তাহে।
বরিশালে সড়ক দুর্ঘটনায় তিন বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু
বরিশাল ব্যুরো:
বরিশালের বাবুগঞ্জ উপজেলার রহমতপুর এলাকায় সড়ক দুর্ঘটনায় তিন বছর বয়সী এক শিশু নিহত ও তার মা আহত হয়েছেন। রোববার (২৬ অক্টোবর) দুপুর সাড়ে ১টার দিকে এ মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে। নিহত শিশুর নাম লুসাইফা (৩)। তিনি বরিশালের উজিরপুর উপজেলার মশাং গ্রামের আব্দুর রাজ্জাকের কন্যা। আহত তার মা ফাহিমা বেগম (৩২) বর্তমানে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। দুর্ঘটনার সময় তাদের সঙ্গে থাকা শিশুটির নানী অল্পের জন্য প্রাণে বেঁচে যান। স্থানীয় সূত্রে জানা গেছে, ফাহিমা বেগম তার মা ও শিশু লুসাইফাকে নিয়ে মাহেন্দ্রা যোগে উজিরপুর থেকে বরিশাল যাচ্ছিলেন। পথে বাবুগঞ্জের রহমতপুর বাসস্ট্যান্ড এলাকায় পৌঁছালে মাহেন্দ্রার চালক নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীছাউনিতে ধাক্কা দেন। এতে যানটি উল্টে গিয়ে তিনজন যাত্রীই গুরুতর আহত হন। স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক লুসাইফাকে মৃত ঘোষণা করেন। আহত ফাহিমা বেগম বর্তমানে আশঙ্কামুক্ত বলে জানিয়েছেন চিকিৎসকরা। দুর্ঘটনার খবর পেয়ে পরিবারের সদস্যরা হাসপাতালে ছুটে যান। এদিকে দুর্ঘটনার পর বাবুগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং ঘটনার কারণ অনুসন্ধান শুরু করেছে। স্থানীয়রা জানান, রহমতপুর এলাকায় দীর্ঘদিন ধরে যানবাহনের বেপরোয়া গতি ও পর্যাপ্ত নজরদারির অভাবে দুর্ঘটনা বেড়ে চলছে। তারা দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবি জানান, যাতে এ ধরনের দুর্ঘটনা আর না ঘটে।
স্বত্ব © দৈনিক জনতার খবর ২০২৫ | ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।