প্রিন্ট এর তারিখঃ Mar 3, 2026 ইং || প্রকাশের তারিখঃ Oct 26, 2025 ইং
সিলেট রেলস্টেশনে টিকিট সিন্ডিকেট ঠেকাতে র্যাবের অভিযান

সুমন আহমদ খান
সিলেট রেলওয়ে স্টেশনে টিকিট সিন্ডিকেট ও কালোবাজারি ঠেকাতে শনিবার ভোর থেকে অভিযান পরিচালনা করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৯)। জেলা প্রশাসনের সহযোগিতায় পরিচালিত এ অভিযানে টিকিট যাচাই, এনআইডি পরীক্ষা ও অনিয়মের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জরিমানা করা হয়।
র্যাবের বিজ্ঞপ্তিতে জানানো হয়, সম্প্রতি ঢাকা-সিলেট মহাসড়কে যাত্রীদের দুর্ভোগ বেড়ে যাওয়ায় ট্রেনের টিকিটের চাহিদা বৃদ্ধি পেয়েছে। এতে অনলাইন টিকিট উন্মুক্ত হওয়ার পরপরই শেষ হয়ে যায় এবং তা কালোবাজারিদের হাতে চলে যায়।
এ অবস্থায় প্রথম দিনের অভিযানে (২৪ অক্টোবর) পাহাড়িকা এক্সপ্রেস, পারাবত এক্সপ্রেস ও উদয়ন এক্সপ্রেসে টিকিটে নামের অমিল, অতিরিক্ত ভাড়া ও বিনা টিকিটে ভ্রমণের অভিযোগে ২৫ জন যাত্রীকে ১৫ হাজার টাকার বেশি জরিমানা করা হয়।
র্যাব জানিয়েছে, অভিযানে কোনো ছাড় নেই। কালোবাজারি বা অনিয়মের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। পেছনের গেট দিয়ে কালোবাজারি টিকিট নিয়ে প্রবেশের চেষ্টাকারীদেরও আটক করা হয়েছে।
র্যাব-৯ আরও জানিয়েছে, টিকিট কালোবাজারি দমন, যাত্রী নিরাপত্তা ও রেল ব্যবস্থার স্বচ্ছতা নিশ্চিত করতে অভিযান অব্যাহত থাকবে। যাত্রীদের কেবল সরকারি সূত্র বা নির্ভরযোগ্য অনলাইন প্ল্যাটফর্ম থেকে টিকিট কেনার আহ্বান জানানো হয়েছে।
স্বত্ব © দৈনিক জনতার খবর ২০২৫ | ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।