প্রিন্ট এর তারিখঃ Mar 1, 2026 ইং || প্রকাশের তারিখঃ Oct 26, 2025 ইং
কুমিল্লার চান্দিনায় এলডিপি ও হাতাপাখার কর্মী সমর্থকদের মধ্যে পাল্টাপাল্টি হামলার অভিযোগ

মোহাম্মদ উল্লাহ
কুমিল্লা চান্দিনা উপজেলার জোয়াগ ইউনিয়নের লক্ষ্মীপুর নতুন বাজারে লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি) ও ইসলামি আন্দোলন বাংলাদেশের কর্মী সমর্থকদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। শনিবার(২৫অক্টোবর)আনুমানিক সন্ধ্যা সাড়ে সাতটার দিকে এ ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষ একে অপরের বিরুদ্ধে পরিকল্পিত হামলার অভিযোগ করেছে।
হামলায় ইসলামি আন্দোলন বাংলাদেশেরে বেশ কয়েকজন নেতা-কর্মী আহত হয় বলে জানা গেছে।পাল্টাপাল্টি হামলায় আহত হওয়ার দাবীও করেছে এলডিপি।এলডিপির পক্ষ থেকে বলা হয় তাদের দুজন নেতা আহত হয়েছে।আহতরা হলেন —জোয়াগ ইউনিয়ন এলডিপির উপদেষ্টা দুলাল হোসেন (৫০) এবং ইউনিয়ন গণতান্ত্রিক ছাত্রদলের সদস্য সচিব সাইফুল্লাহ্ রবিন (২৪)।
হামলার বিষয়ে ইসলামি আন্দোলন বাংলাদেশ চান্দিনা উপজেলার মিডিয়া ও প্রচার সম্পাদক মাওলানা জুবায়ের খান ফরাজীকে ফোন করা হলে তিনি বলেন "আমরা পূর্বনির্ধারিত শান্তিপূর্ণ গণসংযোগ করছিলাম আচমকা এলডিপির নেতাকর্মীরা আমাদের ওপর সন্ত্রাসী হামলা চালায় এবং আমাদের প্রার্থী মুফতী এতেশামুল হক কাসেমীর ওপর হামলার চেষ্টা করে। তিনি আরো বলেন আমাদের পূর্ব ঘোষিত গণসংযোগ কর্মসূচি বানচাল করার লক্ষ্যে তারাও পাল্টা কর্মসূচি ঘোষণা করে এতে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠে।আমরা আমাদের প্রার্থী সহ লক্ষ্মীপুর বাজারে গণসংযোগ চলাকালে এলডিপির নেতা কর্মীরা বিভিন্ন অশালীন মন্তব্য করে এবং পিছন থেকে লাঠিসোঁটা নিয়ে অতর্কিত হামলা করে। এতে আমাদের বেশ কিছু নেতাকর্মী আহত হয়। তিনি আরো বলেন আমরা এর সুষ্ঠু বিচার চাই।
তার কাছে থানায় অভিযোগের বিষয়ে জানতে চাওয়া হলে তিনি বলেন আমরা মৌখিকভাবে থানায় অভিযোগ জানিয়েছি।
অন্যদিকে এলডিপির পক্ষ থেকে উপজেলা গণতান্ত্রিক যুবদলের সভাপতি সাইফুল ইসলাম বাবর অভিযোগ করেন, “আমাদের পূর্বনির্ধারিত সভা চলাকালে ইসলামী আন্দোলনের কর্মীরা ইচ্ছাকৃতভাবে উসকানিমূলক স্লোগান দেয় এবং আমাদের নেতাকর্মীদের সন্ত্রাসী বলে আখ্যা দেয়। প্রতিবাদ করলে তারা ইট-পাটকেল ছুড়ে মারে।”
এদিকে প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার মাগরিবের নামাজের পর এলডিপি ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা দলীয় কার্যালয়ে একটি প্রতিবাদ সভার আয়োজন করেন। সভার মূল উদ্দেশ্য ছিল এলডিপির মহাসচিব ড. রেদোয়ান আহমেদকে নিয়ে কটূক্তির প্রতিবাদ জানানো।
এ সময় একই আসনের ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর সংসদ সদস্য প্রার্থী মুফতী এতেশামুল হক কাসেমীর নেতৃত্বে দলটির নেতাকর্মীরা বাজার এলাকায় গণসংযোগে অংশ নেন। গণসংযোগ চলাকালে তারা এলডিপির কার্যালয়ের সামনে আসলে উভয়দল বাকবিতন্ডায় জড়িয়ে পড়ে এক পর্যায়ে তা হাতাহাতিতে রূপ নেয়
এতে উভয় দলের বেশকিছু নেতাকর্মী আহত।
অপরদিকে ইসলামী আন্দোলন বাংলাদেশের সংসদ সদস্য পদপ্রার্থী মুফতী এতেশামুল হক কাসেমী বলেন, “লক্ষ্মীপুর নতুন বাজারে আমাদের শান্তিপূর্ণ গণসংযোগ চলছিলো। তখন এলডিপির কর্মীরা ‘ভুয়া ভুয়া’ বলে স্লোগান দিয়ে আমাদের দিকে আসে। তাদের হাতে লাঠিসোঁটা ছিল। উত্তেজনা বাড়লে আমি নেতাকর্মীদের নিয়ে সেখান থেকে চলে আসি।”
এ বিষয়ে চান্দিনা থানার অফিসার ইন-চার্জ (ওসি) জাবেদ উল ইসলাম বলেন, “ঘটনা বিষয়ে এখনো কোনো দলের পক্ষ থেকে লিখিত অভিযোগ পাইনি, অভিযোগ পেলে আমরা আইনানুগ যথাযথ ব্যবস্থা গ্রহণ করবো ।
স্বত্ব © দৈনিক জনতার খবর ২০২৫ | ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।