প্রিন্ট এর তারিখঃ Mar 2, 2026 ইং || প্রকাশের তারিখঃ Oct 26, 2025 ইং
বিরলে দুই পাখি শিকারির কারাদণ্ড ও অর্থদণ্ড
মশিউর রহমান
দিনাজপুরের বিরল উপজেলায় অবৈধভাবে পাখি শিকার করার দায়ে দুই ব্যক্তিকে কারাদণ্ড ও অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। শনিবার বিকেলে উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইসতিয়াক আহমেদ এ দণ্ডাদেশ দেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন উপজেলার মো. রবিউল ইসলাম (৪২) ও মো. সুমন আলী (২৮)। আদালত রবিউল ইসলামকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা জরিমানা, অনাদায়ে আরও ১০ দিনের কারাদণ্ড এবং সুমন আলীকে ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা জরিমানা, অনাদায়ে আরও তিন দিনের কারাদণ্ড দেন।
প্রশাসন জানায়, ওই দুই ব্যক্তি স্থানীয় এলাকায় ফাঁদ পেতে দুটি নিরীহ বন্য পাখি শিকার করছিলেন। খবর পেয়ে উপজেলা প্রশাসন অভিযান চালিয়ে তাঁদের আটক করে। পরে উদ্ধার করা পাখিগুলো ভ্রাম্যমাণ আদালতের উপস্থিতিতে খোলা আকাশে অবমুক্ত করা হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট ইসতিয়াক আহমেদ বলেন, ‘বন্যপ্রাণী রক্ষা আমাদের নৈতিক ও আইনগত দায়িত্ব। প্রকৃতি ও পরিবেশের ভারসাম্য রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।’
স্থানীয় বাসিন্দারা এ অভিযানে প্রশাসনের উদ্যোগকে স্বাগত জানিয়েছেন এবং বন্যপ্রাণী সংরক্ষণে এমন কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানিয়েছেন।
স্বত্ব © দৈনিক জনতার খবর ২০২৫ | ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।