প্রিন্ট এর তারিখঃ Mar 2, 2026 ইং || প্রকাশের তারিখঃ Oct 25, 2025 ইং
অ্যাডিশনাল ডিআইজি (অপারেশনস্) শাহ মমতাজুল ইসলাম দিনাজপুরের হাকিমপুর থানা পরিদর্শন করেছেন

মোঃ মশিউর রহমান
রাজশাহী রেঞ্জের অ্যাডিশনাল ডিআইজি (অপারেশনস্) শাহ মমতাজুল ইসলাম শনিবার দিনাজপুর জেলার হাকিমপুর থানা বার্ষিক পরিদর্শন করেছেন। এ সময় তিনি থানার সার্বিক কার্যক্রম, আইনশৃঙ্খলা পরিস্থিতি, জনসেবা কার্যক্রম ও থানার বিভিন্ন দপ্তরের নথিপত্র পর্যালোচনা করেন।
পরিদর্শনকালে পুলিশ সদস্যদের শৃঙ্খলা, কর্মদক্ষতা ও জনবান্ধব আচরণে তিনি সন্তোষ প্রকাশ করেন এবং পেশাদারিত্ব আরও বৃদ্ধি করার নির্দেশনা প্রদান করেন। তিনি বলেন, “জনগণের আস্থা অর্জন করাই পুলিশের সর্বোচ্চ অর্জন। থানার প্রতিটি কর্মকর্তা ও সদস্যকে সততা, নিষ্ঠা ও মানবিক মূল্যবোধ নিয়ে দায়িত্ব পালন করতে হবে।”
পরিদর্শনের শুরুতে হাকিমপুর থানা প্রাঙ্গণে জেলা পুলিশের একটি চৌকস দল অ্যাডিশনাল ডিআইজি শাহ মমতাজুল ইসলামকে গার্ড অফ অনার প্রদান করে। এ সময় থানা এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধি, জনপ্রতিনিধি এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
পরিদর্শন শেষে দিনাজপুর জেলা পুলিশের পক্ষ থেকে পুলিশ সুপার অ্যাডিশনাল ডিআইজি শাহ মমতাজুল ইসলামকে সম্মাননা স্মারক প্রদান করেন। পুলিশ সুপার পরিদর্শনের জন্য তাঁকে ধন্যবাদ জানিয়ে বলেন, “অ্যাডিশনাল ডিআইজি মহোদয়ের দিকনির্দেশনা জেলা পুলিশের কাজের গতি ও মান উন্নত করতে অনুপ্রেরণা জোগাবে।”
অ্যাডিশনাল ডিআইজি থানার আধুনিকীকরণ, সেবা গ্রহণে জনগণের সহজ প্রবেশগম্যতা এবং নারী ও শিশুবান্ধব পরিবেশ সৃষ্টির উপর বিশেষ গুরুত্ব আরোপ করেন। তিনি থানার কর্মকর্তাদের উদ্দেশে বলেন, “পুলিশ শুধু অপরাধ দমন নয়, জনগণের নিরাপত্তা ও সেবার ক্ষেত্রেও নির্ভরতার প্রতীক হতে হবে।”
পরিদর্শন শেষে তিনি থানার প্যারেড গ্রাউন্ড, হাজতখানা, অভিযোগ গ্রহণ কক্ষ এবং বিভিন্ন সেকশন ঘুরে দেখেন।
উল্লেখ্য, হাকিমপুর থানা দিনাজপুর জেলার অন্যতম গুরুত্বপূর্ণ থানা হিসেবে সীমান্তবর্তী অঞ্চলে আইনশৃঙ্খলা রক্ষা, মাদক ও চোরাচালান প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আস মশিউর রহমান।
স্বত্ব © দৈনিক জনতার খবর ২০২৫ | ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।