প্রিন্ট এর তারিখঃ Nov 22, 2026 ইং || প্রকাশের তারিখঃ Oct 23, 2025 ইং
রায়গঞ্জে ক্ষতিকর রং মেশানো চিপস কারাখানায় ভোক্তা অধিদপ্তরের অভিযান

সিরাজগঞ্জের রায়গঞ্জে অস্বাস্থ্যকর পরিবেশে লেবেলবিহীন ক্ষতিকর রঙ মিশিয়ে চিপস তৈরির অভিযোগে একটি কারখানাকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
বুধবার (২২ অক্টোবর) বিকেলে উপজেলার রৌহা ধানগড়া এলাকায় মেসার্স সোনার বাংলা পটেটো চিপস কারখানায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের যৌথ অভিযানে এ ব্যবস্থা নেওয়া হয়।
অভিযানে নেতৃত্ব দেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. সোহেল শেখ এবং নিরাপদ খাদ্য কর্মকর্তা মো. আতিকুর রহমান।
সহকারী পরিচালক মো. সোহেল শেখ জানান, কারখানাটিতে অস্বাস্থ্যকর পরিবেশে লেবেলবিহীন ক্ষতিকর রং, রাসায়নিক হাইড্রোজ এবং খোলা লবণ ব্যবহার করে চিপস উৎপাদন করা হচ্ছিল। এ কারণে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের আওতায় কারখানাটিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযানে টাস্কফোর্সের সদস্য, কনজিউমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) প্রতিনিধি এবং জেলা আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।
স্বত্ব © দৈনিক জনতার খবর ২০২৫ | ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।