প্রিন্ট এর তারিখঃ Nov 22, 2026 ইং || প্রকাশের তারিখঃ Oct 23, 2025 ইং
রেললাইনে কলেজছাত্রের লাশ, পরিবারে শোকের মাতম

সুমন আহমদ খান
উপজেলা প্রতিনিধি,সিলেট
সিলেটের দক্ষিণ সুরমায় রেললাইন থেকে মতিউর রহমান (২৭) নামে এক কলেজছাত্রের খণ্ডিত লাশ উদ্ধার করেছে রেলওয়ে থানা পুলিশ। ধারণা করা হচ্ছে, ট্রেনে কাটা পড়ে তাঁর মৃত্যু হয়েছে।
বুধবার (২২ অক্টোবর) সকালে দক্ষিণ সুরমা সিটি করপোরেশনের ডাম্পিং এলাকা পারাইরচক থেকে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।
নিহত মতিউর রহমান জৈন্তাপুর উপজেলার চিকনাগুল ইউনিয়নের পানিছড়া গ্রামের মৃত কুটু মিয়ার ছেলে। তিনি এমসি কলেজের অনার্স দ্বিতীয় বর্ষের ছাত্র এবং পড়াশোনার পাশাপাশি স্থানীয় একটি মাদ্রাসায় শিক্ষকতা করতেন।
নিহতের বড় ভাই রিয়াজুল ইসলাম বলেন, মতিউর আমাদের ৭ ভাইবোনের মধ্যে সবার ছোট ও আদরের। সে এমসি কলেজের ছাত্র, পরীক্ষাও চলছিল। গতকাল সকালে উপশহরে বোনের বাসা থেকে বের হওয়ার পর আর ফেরেনি। কীভাবে এমন হলো, কিছুই বুঝে উঠতে পারছি না।
রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কুদ্দুস বলেন, ঘটনাটি তদন্তাধীন। প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলে মনে হলেও সব দিক খতিয়ে দেখা হচ্ছে। এ ঘটনায় একটি মামলা দায়ের করা হয়েছে।
জৈন্তাপুর থানার ওসি আবুল বাসার মোহাম্মদ বদরুজ্জামান জানান, ঘটনার খবর পেয়ে আমরা রেলওয়ে পুলিশ থেকে বিষয়টি জেনেছি।
দুর্ঘটনা নাকি অন্য কোনো কারণ তা জানতে পুলিশ তদন্ত চালিয়ে যাচ্ছে।
স্বত্ব © দৈনিক জনতার খবর ২০২৫ | ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।