প্রিন্ট এর তারিখঃ Nov 22, 2026 ইং || প্রকাশের তারিখঃ Oct 21, 2025 ইং
ময়মনসিংহে সড়কে ঝরল দুই প্রাণ

আব্দুল্লাহ আল ফাহাদ
ত্রিশাল ময়মনসিংহ প্রতিনিধি
ময়মনসিংহের ত্রিশাল উপজেলায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ট্রাকচালক ও তাঁর সহকারী নিহত হয়েছেন।
গতকাল (২১অক্টোবর) মঙ্গলবার ভোর ৫টা ৪০ মিনিটে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বৈলর বড় পুকুরপাড় জামে মসজিদের সামনে এ দুর্ঘটনা ঘটে। ময়মনসিংহগামী একটি মালবাহী ট্রাককে পেছন থেকে আরেকটি ট্রাক সজোরে ধাক্কা দিলে এ হতাহতের ঘটনা ঘটে।
ত্রিশাল ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা সাদিকুর রহমান জানান, দুর্ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিস দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ চালায়। ঘটনাস্থলেই একজন মারা যান এবং গুরুতর আহত অবস্থায় অন্যজনকে ত্রিশাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
নিহতরা হলেন ট্রাকচালক আল আমিন (৪০), বাড়ি নেত্রকোনার কলমাকান্দা উপজেলায়; এবং সহকারী মো. রাশেদুল (২৮), ময়মনসিংহ নগরের কালিবাড়ি গোদারাঘাট এলাকার বাসিন্দা।
ত্রিশাল থানার পরিদর্শক (তদন্ত) মোবারক হোসেন জানান, “দুই মরদেহ পুলিশের হেফাজতে রয়েছে। দুর্ঘটনায় জড়িত দুটি ট্রাক জব্দ করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, কুয়াশা ও চালকের ক্লান্তি বা ঘুম ভাব থেকে দুর্ঘটনাটি ঘটেছে।”
স্বত্ব © দৈনিক জনতার খবর ২০২৫ | ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।