প্রিন্ট এর তারিখঃ Nov 22, 2026 ইং || প্রকাশের তারিখঃ Oct 18, 2025 ইং
শ্যামনগরে কোস্ট গার্ডের অভিযানে ৪৫ কেজি হরিণের মাংস ও ১২টি পা জব্দ

সেলিম আহম্মেদ (সাতক্ষীরা) শ্যামনগর প্রতিনিধি
চসাতক্ষীরার শ্যামনগরের পার্শ্বেখালী ব্রিজ এলাকায় কোস্ট গার্ডের অভিযানে বিপুল পরিমাণ হরিণের মাংস জব্দ করা হয়েছে। শনিবার (১৮ অক্টোবর ২০২৫) দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার গভীর রাতে কোস্ট গার্ড স্টেশন কৈখালীর একটি দল শ্যামনগর থানাধীন পার্শ্বেখালী ব্রিজ সংলগ্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে প্রায় ৪৫ কেজি হরিণের মাংস ও ১২টি পা উদ্ধার করা হয়।
তবে কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে হরিণ শিকারীরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি বলে তিনি জানান।
জব্দকৃত মাংস ও অন্যান্য আলামত আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেংরাখালী টহল ফাঁড়ি ফরেস্ট অফিসের কাছে হস্তান্তর করা হয়েছে। লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক আরও জানান, বন্যপ্রাণী সংরক্ষণ এবং পাচার প্রতিরোধে কোস্ট গার্ডের অভিযান ভবিষ্যতেও চলমান থাকবে।
উল্লেখ্য, সুন্দরবনসংলগ্ন এই অঞ্চলে হরিণ শিকার ও পাচার দীর্ঘদিন ধরে পরিবেশ ও জীববৈচিত্র্যের জন্য হুমকি হিসেবে চিহ্নিত হয়ে আসছে। নিয়মিত অভিযান ও সচেতনতামূলক উদ্যোগ না থাকলে এই অপরাধ বন্ধ করা কঠিন বলে মনে করছেন পরিবেশবাদীরা।
স্বত্ব © দৈনিক জনতার খবর ২০২৫ | ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।