প্রিন্ট এর তারিখঃ Nov 22, 2026 ইং || প্রকাশের তারিখঃ Oct 18, 2025 ইং
সরাইলে রাতের আঁধারে সংঘর্ষ, দাঙা এড়াতে ১৫ জনকে কারাদণ্ড, আহত ৩০

মোহাম্মদ আলী মাস্টার
সরাইল, ব্রাহ্মণবাড়িয়া
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে পুকুরে গোসল করা নিয়ে বিরোধের জের ধরে রাতের আঁধারে টর্চ লাইট জ্বালিয়ে দুই গ্রামবাসীর ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটেছে।
শুক্রবার (১৭ অক্টোবর) রাতে উপজেলার সদরের ছোট দেওয়ানপাড়া ও হালুয়া পাড়া গ্রামবাসীর মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ৩০ জন আহত হন। ঘটনাকে সামাল দিতে উপজেলা নির্বাহী অফিসার মোঃ মোশারফ হোসাইন ১৫ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়ে জেল হাজতে প্রেরণ করেন। জানা গেছে, ১৫ জনের মাত্র দুইজন সরাইল সদর ইউনিয়নের।
স্থানীয়রা জানান, শুক্রবার দুপুরে হালুয়া পাড়া গ্রামের তাইম তার কয়েকজন বন্ধুকে সঙ্গে নিয়ে ছোট দেওয়ান পাড়া গ্রামের একটি পুকুরে গোসল করতে যায়। এ সময় ছোট দেওয়ান পাড়া গ্রামের শাকিল ও শিপনসহ কয়েকজন হাওলাপাড়া গ্রামের তাইম ও তার বন্ধুদের মারধর করে। এরই জের ধরে রাতে ছোট দেওয়ানপাড়া ও হাওলা পাড়া গ্রামের লোকজন দেশীয় টেঁটা, বল্লমসহ দেশিয় অস্ত্রসস্ত্র নিয়ে সংঘর্ষ জড়িয়ে যায়।
এ সময় তারা রাতের আঁধারে টর্চ লাইটের আলো জ্বালিয়ে একে অপরের উপর হামলা চালায়। সংঘর্ষের সময় ধাওয়া পাল্টা ধাওয়া আর ইট পাটকেলের নিক্ষেপে রণক্ষেত্র হয়ে উঠে পুরো এলাকা। এক সময় স্থানীয়দের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে। বন্ধ হয়ে যায় সড়কসহ দোকানপাট। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন হাসপাতাল চিকিৎসা নিয়েছে।শেষ অবধি সেনাবাহিনী ঘটনাস্থলে পৌঁছেন। স্থানীয়রা জানান একনাগাড়ে সংঘর্ষটি ৪–৫ ঘন্টা পর্যন্ত অব্যাহত ছিল।
সরাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোশারফ হোসাইন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে ঘণ্টাব্যাপী চেষ্টা চালিয়ে সংঘর্ষ নিয়ন্ত্রণে আনে আইনশৃংঙ্খলা বাহিনী। ফের সংঘর্ষ এড়াতে এলাকায় পুলিশ মোতায়েন রয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
স্বত্ব © দৈনিক জনতার খবর ২০২৫ | ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।