
আব্দুল আলিম বিশেষ প্রতিনিধি, পাবনা
পাবনার চাটমোহরে চলনবিল অঞ্চলে পানির স্বাভাবিক প্রবাহে বাধা সৃষ্টি করে অবৈধভাবে স্থাপিত দু’টি সোঁতিবাধ উচ্ছেদ করেছে প্রশাসন। বৃহস্পতিবার (১৬ অক্টোবর) বিকেলে উপজেলা প্রশাসনের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।
চাটমোহর উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মুসা নাসের চৌধুরী নেতৃত্বে অভিযানে অংশ নেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ফয়সাল মাহমুদ, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. আব্দুল মতিন, হরিপুর ও গুনাইগাছা ইউনিয়নের প্রশাসক খলিলুর রহমান, থানা পুলিশ ও আনসার সদস্যরা।
উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. আব্দুল মতিন বলেন,
“চলনবিল এলাকার পানি প্রবাহ রোধ করে বিলচলন ইউনিয়নের খলিসাগাড়ী বিল ও কিনু সরকারের ধর-এ অবৈধভাবে সোঁতিবাধ নির্মাণ করা হয়। এতে পরিবেশের ভারসাম্য নষ্ট হচ্ছিল এবং স্থানীয় মৎস্য সম্পদ হুমকির মুখে পড়ছিল। এ কারণে প্রশাসনের পক্ষ থেকে তা উচ্ছেদ করা হয়েছে। অভিযান অব্যাহত থাকবে।”
তবে এ ঘটনাকে ঘিরে নতুন বিতর্কের জন্ম দিয়েছে একটি বিষয়। স্থানীয়রা জানান, উচ্ছেদ করা সোঁতিবাধগুলোর একটিতে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ছবি টানানো ছিল। এতে এলাকাবাসীর মধ্যে নানা প্রশ্ন ও গুঞ্জনের সৃষ্টি হয়েছে।
অনেকে মনে করছেন, অবৈধ কাজ ঢাকতে কিছু ব্যক্তি দলীয় নেতাদের ছবি ব্যবহার করেছেন, যাতে প্রশাসনের নজর এড়িয়ে যাওয়া যায় বা রাজনৈতিক ছায়া তৈরি হয়। তবে বিএনপি সংশ্লিষ্ট নেতারা বিষয়টি রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করেছেন।
বিলচলন ইউনিয়ন নিবাসী ও উপজেলা যুবদল সভাপতি গোলজার হোসেন বলেন,
“সারা বাংলাদেশেই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ছবি লাগানো থাকে। কেউ হয়তো সোঁতিবাধের পাশে ফেস্টুন লাগিয়েছে, এতে আমি কোনো দোষ দেখি না। সোঁতিবাধ প্রদানে নটাবাড়িয়ার আজাদ নামের একজনের সম্পৃক্ততা আছে বলে শুনেছি। তারা নাকি সরকারের অনুমতি নিয়েই কাজ করেছে।”
এদিকে, স্থানীয়রা জানান, এ অবৈধ সোঁতিবাধ স্থাপনে কয়েকজন প্রভাবশালী ব্যক্তির নাম উঠে এসেছে। তাদের মধ্যে বিলচলন ইউনিয়নের এক বাসিন্দা জাহিদ-এর নামও শোনা যায়। তবে তার সঙ্গে মোবাইলে (রাত ৮:৫০ পর্যন্ত) একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।
প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, এ ধরনের অবৈধ স্থাপনা ও পরিবেশবিরোধী কর্মকাণ্ডের বিরুদ্ধে অভিযান নিয়মিতভাবে চলবে।