“আমি রাজনীতিকে দেখি মানুষের সেবা করার পবিত্র দায়িত্ব হিসেবে। সময় এসেছে পরিবর্তনের, সময় এসেছে সত্য ও ন্যায়ের রাজনীতির”— এই অঙ্গীকার নিয়ে ১৬২ কিশোরগঞ্জ-১ (কিশোরগঞ্জ সদর–হোসেনপুর) আসন থেকে জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থীতা ঘোষণা করেছেন কিশোরগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ মাজহারুল ইসলাম।
বুধবার (১৫ অক্টোবর) কিশোরগঞ্জ শহরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি আনুষ্ঠানিকভাবে নিজের প্রার্থীতা ঘোষণা করেন। দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা, ত্যাগ ও দলের প্রতি অবিচল নিষ্ঠার কথা তুলে ধরে তিনি বলেন, “এই প্রার্থীতা কোনো ব্যক্তিগত উচ্চাকাঙ্ক্ষা নয়; এটি আমার জীবনের লড়াইয়ের ধারাবাহিকতা, জনগণের ভালোবাসার প্রতিফলন এবং গণতন্ত্র পুনরুদ্ধারের এক অবিচল অঙ্গীকার।
নিজের রাজনৈতিক যাত্রার স্মৃতিচারণ করে মাজহারুল ইসলাম জানান, কিশোরগঞ্জ পৌর যুবদলের প্রতিষ্ঠাকালীন সভাপতি হিসেবে তাঁর রাজনৈতিক পথচলা শুরু হয়। পরবর্তীতে তিনি জেলা যুবদলের আহবায়ক, পৌর বিএনপির তিনবারের সভাপতি এবং তিনবারের জেলা বিএনপির সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন।
তিনি বলেন, “আমার লক্ষ্য কখনো পদ-পদবী নয়; মানুষের ভালোবাসা অর্জন করা এবং তাদের অধিকার আদায় করাই আমার রাজনীতির উদ্দেশ্য।”
১৯৯০ সালের স্বৈরাচারবিরোধী আন্দোলন থেকে শুরু করে সাম্প্রতিক জুলাই অভ্যুত্থানের সময় পর্যন্ত তিনি কিশোরগঞ্জে রাজপথে থেকে নেতাকর্মীদের নেতৃত্ব দিয়েছেন বলে উল্লেখ করেন।
দলীয় ঐক্যের প্রসঙ্গে তিনি বলেন, “দলের শক্তি তৃণমূলে। তাই বিভাজনের রাজনীতি দূর করে আমি চেষ্টা করেছি একটি ঐক্যবদ্ধ, সুসংগঠিত ও প্রাণবন্ত জেলা বিএনপি গড়ে তুলতে, যা জনগণের পাশে থাকবে প্রতিটি মুহূর্তে।”
জাতীয় রাজনীতি প্রসঙ্গে তিনি বিএনপির ঘোষিত ৩১ দফা জাতীয় পুনর্গঠন কর্মসূচির প্রতি দৃঢ় সমর্থন জানিয়ে বলেন, “এই ৩১ দফার মধ্যেই আমাদের জাতির মুক্তির রূপরেখা নিহিত আছে— গণতন্ত্র, ন্যায়বিচার, নাগরিক অধিকার ও উন্নত বাংলাদেশের প্রতিশ্রুতি।”
তিনি অঙ্গীকার করেন, নির্বাচিত হলে কিশোরগঞ্জের মাটি ও মানুষের জীবনমান উন্নয়ন, দুর্নীতি রোধ ও সুশাসন প্রতিষ্ঠায় সর্বোচ্চ প্রচেষ্টা চালাবেন।