
অবশেষে কুলাউড়ার বহুল আলোচিত আনজুম হত্যা মামলায় আসামী পক্ষের আইনজীবী এড দীপক চন্দ্র ধর অফিসিয়ালি আদালতে ওকালতনামা প্রত্যাহার করেছেন। বিষয়টি নিশ্চিত করেছেন বাদী পক্ষের আইনজীবী মৌলভীবাজার জেলা ও দায়রা জজ আদালতের সহকারী পাবলিক প্রসিকিউটর এড কামরুল ইসলাম। আজ বেলার ১১ ঘটিকায় সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট ৫ নং আমার গ্রহণকারী আদালতের বিচারক জনাব আরিফ বিল্লাহ'র আদালতে ওকালতনামা প্রত্যাহারের আবেদন করেন এড দীপক চন্দ্র ধর। পরবর্তীতে শুনানী শেষে আদালত ওকালতনামা প্রত্যাহারের আবেদন আমলে নিয়ে ওকালত নামা প্রত্যাহারের আদেশ দেন।
এর আগে গত ১৩ অক্টোবর সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট ৫ নং আমল আদালতে আসামী হত্যাকারী জুনেলের পক্ষে জামিন আবেদন করেন এড দীপক চন্দ্র ধর।
পরবর্তীতে জামিন শুনানীতে বাদী পক্ষের আইনজীবী এ.পি.পি কামরুল ইসলামের আপত্তি প্রদান করলে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট জনাব আরিফ বিল্লাহ আসামী জুনেলের জামিন না মঞ্জুর করেন। জামিন চাওয়ার খবরে সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু হয় তীব্র নিন্দার ঝড়, রাতেই আসামী পক্ষের আইনজীবী এড, দীপক চন্দ্র ধর সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে একটি পোষ্ট করে জানান তিনি আসামী পক্ষে মামলা লড়বেন না এবং ওকালতনামা প্রত্যাহার করবেন।
উল্লেখ্য আনজুম হত্যা মামলায় ২ বার রিমান্ড আবেদন না মঞ্জুর হলে উচ্চ আদালতে যান বাদী পক্ষের আইনজীবী এ.পি.পি কামরুল ইসলাম এবং পরবর্তীতে ৩য় বার রিমান্ড শুনানী অনুষ্টিত হয় এবং ২ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।