মোঃ মশিউর রহমান।
বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা নতুন বাংলাদেশ গড়ার অঙ্গীকার—এ মন্তব্য করেছেন দিনাজপুর-৫ (পার্বতীপুর-ফুলবাড়ী) আসনে বিএনপি’র মনোনয়নপ্রত্যাশী এস এম জাকারিয়া বাচ্চু।
তিনি বলেন, “আগামী নির্বাচনে জনগণের ভোটে বিএনপি ক্ষমতায় গেলে তারেক রহমানের ৩১ দফা অনুযায়ী দেশ পরিচালিত হবে। এজন্য আমাদের প্রত্যেক নেতাকর্মীকে গ্রাম থেকে শহর, ঘরে ঘরে গিয়ে জনগণকে এই দফাগুলোর বিষয়ে অবহিত করতে হবে—যাতে তারা বুঝতে পারে ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমে দেশের কীভাবে আমূল পরিবর্তন আসবে।”
রবিবার (১২ অক্টোবর) সন্ধ্যায় ফুলবাড়ী উপজেলার কাজিহাল ইউনিয়নের মইচন্দা নন্দীগ্রামে আয়োজিত উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বৈঠকটি অনুষ্ঠিত হয় বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত “রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা” বাস্তবায়নের লক্ষ্যে।
এস এম জাকারিয়া বাচ্চু আরও বলেন, “আগামী জাতীয় সংসদ নির্বাচনে তৃণমূলের ভোটাররাই দলীয় প্রার্থী নির্বাচন করবেন। তৃণমূলের যাকে সমর্থন দেবে, তাকেই দল মনোনয়ন দেবে। দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তৃণমূলের সিদ্ধান্তকে সর্বোচ্চ গুরুত্ব দেবেন।”
তিনি বলেন, “আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। দেশ এখন সম্পূর্ণভাবে নির্বাচনমুখী। গত ১৭ বছরের আওয়ামী শাসনে মানুষ ভোটের অধিকার হারিয়েছে। এবার জনগণ পরিবর্তনের অপেক্ষায় আছে। আমি তারেক রহমানের ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে মাঠে নেমেছি—জনকল্যাণই আমার রাজনীতির মূল লক্ষ্য। দলের মনোনয়ন পেলে জনগণের ভোটে বিজয় অর্জন করব, ইনশাআল্লাহ।”
বৈঠকে তিনি উপস্থিত নেতাকর্মীদের আহ্বান জানান ঘরে ঘরে গিয়ে বিএনপি’র ৩১ দফা পৌঁছে দিতে এবং ধানের শীষে ভোট দেওয়ার জন্য জনগণকে উদ্বুদ্ধ করতে।
এ সময় দিনাজপুর জেলা যুবদলের সাবেক সহ-সভাপতি ও পার্বতীপুর উপজেলা যুবদলের সাবেক সভাপতি মাহফিজুল ইসলাম মাসুম, বিএনপি নেতা মাহফুজার রহমান মানিক, হরিরামপুর ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক শওকত মাহমুদসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা বক্তব্য রাখেন।
বৈঠকে বিপুল সংখ্যক নারী-পুরুষ উপস্থিত ছিলেন।