প্রিন্ট এর তারিখঃ Nov 22, 2026 ইং || প্রকাশের তারিখঃ Oct 13, 2025 ইং
কুমিল্লার চান্দিনায় ভেকুচালকের রহস্যজনক মৃত্যু

নূর মোহাম্মদ শ্রাবণ।
কুমিল্লার চান্দিনা উপজেলার মাইজখার ইউনিয়নের রামমোহন বাংলাবাজার এলাকায় এক বেকুচালকের রহস্যজনক মৃত্যু ঘটেছে। ঘটনাটি ঘটেছে শনিবার (১১ অক্টোবর) দিবাগত রাতে।
স্থানীয় সূত্রে জানা যায়, মৃত যুবকের নাম হৃদয় (২৮), তিনি পাবনা জেলার বাসিন্দা। হৃদয় দেবিদ্বার উপজেলার ছেফারা গ্রামের সুমনের বেকুর চালক হিসেবে কাজ করতেন। বেকুটি সুমনের মালিকানাধীন হলেও চান্দিনা উপজেলার রামমোহন বাংলাবাজার এলাকার মিজানুর রহমান সেটি ভাড়ায় নিয়ে মাটি কাটার কাজ করছিলেন।
জানা যায়, ভেকু চালানোর সুবিধার্থে মিজানুর রহমান স্থানীয় এক দোকানঘরে হৃদয়কে থাকার ব্যবস্থা করে দেন। মিজানের ছেলে জানান,শনিবার রাত ৯টার দিকে আমি হৃদয় ভাইকে খাবার দিয়ে বাড়িতে চলে যাই, পরে সকাল ১১ টার দিকে জানতে পারি হৃদয় ভাই গলায় ফাস দিয়ে ঝুলে আছে।
এদিকে রবিবার সকালে হৃদয়ের মা একাধিকবার ফোন করেও ছেলের সঙ্গে যোগাযোগ করতে না পেরে বেকুর মালিক সুমনকে বিষয়টি জানান। পরে সুমন নিজেও হৃদয়কে একাধিকবার ফোন দিলেও কোনো সাড়া পাননি। সকাল সাড়ে ১১টার দিকে সুমন ঘটনাস্থলে এসে হৃদয়ের থাকার দোকানঘরের সামনে এসে ডাকা ডাকি করেও কোনো উত্তর না পেয়ে পাশের দোকান থেকে বেড়ার ছিদ্র দিয়ে উঁকি মেরে দেখেন— হৃদয় গলায় ফাঁস লাগানো অবস্থায় ঝুলে আছে।
খবর পেয়ে স্থানীয়রা চান্দিনা থানায় যোগাযোগ করলে পুলিশ ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করে।
চান্দিনা থানার তদন্ত কর্মকর্তা (ওসি তদন্ত) মিজানুর রহমান জানান, “এ ঘটনায় এখনো কেউ কোনো অভিযোগ বা মামলা করেননি। তবে অভিযোগ পেলে বিষয়টি তদন্ত করে দেখা হবে।”
এদিকে স্থানীয়দের ধারণা, ঘটনাটি রহস্যজনক। কেউ কেউ এটিকে আত্মহত্যা বললেও অন্যদের সন্দেহ এটি পরিকল্পিত হত্যাকাণ্ড হতে পারে। পুলিশের তদন্তেই প্রকৃত কারণ জানা যাবে বলে জানিয়েছেন এলাকাবাসী।
স্বত্ব © দৈনিক জনতার খবর ২০২৫ | ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।