
রংপুর জেলার পীরগাছা উপজেলার সদর ইউনিয়নের ৩নং ওয়ার্ড এলাকায় সম্প্রতি সরকারি ও সাধারণ জনগণের সম্পদ চুরি, মাদক সেবন এবং জুয়ার মতো সামাজিক অপরাধমূলক কর্মকাণ্ড বৃদ্ধি পাওয়ায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে চরম উদ্বেগ দেখা দিয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, এলাকার কিছু অসাধু ব্যক্তি রাতে সরকারি সম্পদ ও সাধারণ মানুষের জিনিসপত্র চুরি করে বিক্রি করছে। পাশাপাশি মাদক সেবন ও বিক্রির ঘটনাও বেড়ে গেছে। এতে এলাকার তরুণ সমাজ বিপথগামী হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।
এছাড়াও, জুয়া খেলা ও সুদের ব্যবসার মাধ্যমে অনেক সাধারণ মানুষ আর্থিক ক্ষতির মুখে পড়ছে বলে অভিযোগ পাওয়া গেছে। এলাকার সচেতন নাগরিকরা জানান, এসব কর্মকাণ্ডের কারণে সমাজে অশান্তি ও নিরাপত্তাহীনতা তৈরি হচ্ছে।স্থানীয়দের দাবি, দ্রুত প্রশাসনিক নজরদারি ও আইনি পদক্ষেপ গ্রহণের মাধ্যমে এই অবস্থা বন্ধ করা প্রয়োজন। তারা বলেন, “আমরা শান্তিপূর্ণ এলাকায় বসবাস করতে চাই। প্রশাসন যদি কঠোর ব্যবস্থা নেয়, তাহলে এসব অপরাধ বন্ধ সম্ভব।”
এ বিষয়ে স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।