প্রিন্ট এর তারিখঃ Nov 22, 2026 ইং || প্রকাশের তারিখঃ Oct 12, 2025 ইং
দিরাই বাজার ব্রিজ নৌকা ঘাটে পড়ে দেড় বছরের শিশু নিখোঁজ

আকাশ আচার্য্য।।
সুনামগঞ্জের দিরাই উপজেলার দিরাই বাজার ব্রিজ নৌকা ঘাট এলাকায় পানিতে পড়ে দেড় বছরের এক শিশু নিখোঁজ হয়েছে। শনিবার (১১ অক্টোবর) দুপুরে এ মর্মান্তিক ঘটনাটি ঘটে।
নিখোঁজ শিশুটির নাম এখনো উদ্ধার অভিযানকারীরা আনুষ্ঠানিকভাবে প্রকাশ না করলেও জানা গেছে, সে শাল্লা সদর ইউনিয়নের সিমারকান্দা গ্রামের রফিকুল ইসলামের মেয়ে। পরিবারের সদস্যদের সঙ্গে সে দিরাইয়ে আত্মীয়ের বাড়িতে বেড়াতে এসেছিল।
স্থানীয়রা জানান, দুপুরের দিকে পরিবারের লোকজন ঘাটের পাশে নৌকায় উঠানামা করছিলেন। এ সময় শিশুটি খেলতে খেলতে অসাবধানতাবশত ঘাটের পানিতে পড়ে যায়। সঙ্গে সঙ্গে আশপাশের লোকজন চিৎকার শুরু করলে স্থানীয়রা ছুটে এসে খোঁজাখুঁজি শুরু করেন, কিন্তু শিশুটিকে খুঁজে পাওয়া যায়নি।
খবর পেয়ে দিরাই ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের একটি উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। তবে শেষ খবর পাওয়া পর্যন্ত শিশুটিকে উদ্ধার করা সম্ভব হয়নি।
স্থানীয়দের অনেকে জানান, দিরাই বাজার ব্রিজ এলাকার নৌকা ঘাটে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা না থাকায় এমন দুর্ঘটনা প্রায়ই ঘটে। তারা দ্রুত ঘাটের চারপাশে নিরাপত্তা বেড়া ও সাবধানবাণী বোর্ড স্থাপনের দাবি জানান।
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। শিশুটির পরিবার কান্নায় ভেঙে পড়েছে, আর স্থানীয়রা সবাই উদ্ধার অভিযানে সহায়তা করছে।
স্বত্ব © দৈনিক জনতার খবর ২০২৫ | ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।