প্রিন্ট এর তারিখঃ Nov 22, 2026 ইং || প্রকাশের তারিখঃ Oct 12, 2025 ইং
শ্রমিক থেকে শিক্ষিত তরুণ, শাহাদাতের প্রবাসজয়ের অনন্য কাহিনি

মোঃ হামজা শেখ।।
কৃষক বাবার স্বপ্ন ছিল ছেলেকে উচ্চ শিক্ষায় শিক্ষিত করে মানুষ হিসেবে গড়ে তোলা। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাসে সেই স্বপ্ন অপূর্ণ রেখেই না ফেরার দেশে পাড়ি জমান বাবা মোঃ তামেস খান। তবে বাবার সেই অপূর্ণ স্বপ্ন পূরণ করেছেন তরুণ প্রবাসী শাহাদাত হোসেন রাকিব।
শাহাদাত হোসেন রাকিব রাজবাড়ীর কালুখালী উপজেলার রতনদিয়া ইউনিয়নের হরিণবাড়িয়া চরের মাধবপুর গ্রামের মৃত মো. তামেস খানের বড় ছেলে।
রাকিব ২০১৫ সালে ভাগ্যের সন্ধানে পাড়ি জমায় মালয়েশিয়ায়। পরিবারের দুঃসময় আর জীবনের বাস্তবতা সামলাতে গিয়ে শুরুতে শ্রমিক হিসেবেই কাজ নেন তিনি। কিন্তু কষ্টের মাঝেও বাবার স্বপ্নটিকে ভুলে যাননি। প্রবাসে কঠিন জীবনযুদ্ধের পাশাপাশি চালিয়ে গেছেন পড়াশোনা।
নিরলস পরিশ্রম ও অধ্যবসায়ের মাধ্যমে একে একে অর্জন করেছেন একাধিক শিক্ষাগত যোগ্যতা। বর্তমানে তিনি মালয়েশিয়ার ইন্ডিয়ান গ্লোবাল স্কুল অ্যান্ড কলেজ থেকে নার্সিং হোম কেয়ার ও চাইল্ড কেয়ার/অটিজম কোর্স সম্পন্ন করছেন।
এছাড়া FIMA ফিলিপাইন নার্সিং ট্রেনিং স্কুল অ্যান্ড কলেজ, মালয়েশিয়া থেকে তিনি নার্সিং হোম কেয়ার কেয়ারগাইভার প্র্যাকটিকাম এবং নার্সিং কেয়ারগাইভার ফার্স্ট এইড / ডিমেনশিয়া কোর্স সম্পূর্ণ করেছেন।
তদুপরি, টেলর বিশ্ববিদ্যালয়, মালয়েশিয়া থেকে বয়স্ক স্বাস্থ্য কর্মশালা কোর্সে সাফল্যের সঙ্গে উত্তীর্ণ হয়ে পেয়েছেন ক্লাস লিডারশিপ মেডেল, যা প্রবাসী তরুণদের জন্য এক অনুপ্রেরণামূলক অর্জন।
দেশে থাকাকালীন এসএসসি পাস করা শাহাদাত এখন প্রবাসে থেকে নিজের যোগ্যতা ও অধ্যবসায় দিয়ে প্রমাণ করেছেন, ইচ্ছাশক্তি থাকলে কোনো বাধাই অতিক্রমণযোগ্য নয়।
নিজের অভিজ্ঞতা ও অনুভূতি জানিয়ে শাহাদাত হোসেন রাকিব জানান,বাবা চেয়েছিলেন আমি যেন পড়াশোনা করে মানুষ হই। তাঁর সেই স্বপ্নই আমাকে সামনে এগিয়ে যেতে অনুপ্রাণিত করেছে। কষ্ট ছিল, কিন্তু আমি হার মানিনি। বাবার স্বপ্নই ছিল আমার শক্তি।
প্রবাস জীবনের নানা প্রতিকূলতা ও কঠিন বাস্তবতাকে জয় করে তিনি যেমন নিজেকে প্রতিষ্ঠিত করেছেন, তেমনি হয়ে উঠেছেন এলাকার তরুণদের জন্য এক উজ্জ্বল দৃষ্টান্ত।
বিশ্বের বিভিন্ন দেশে ছড়িয়ে থাকা লাখো প্রবাসীর মতো শাহাদাতও বিশ্বাস করেন,শিক্ষা, সততা ও পরিশ্রমই মানুষের সবচেয়ে বড় পরিচয়। এমন প্রবাসী তরুণরাই একদিন আলোকিত করবে দেশ ও সমাজ।
স্বত্ব © দৈনিক জনতার খবর ২০২৫ | ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।