
মোঃ জাকি উল্লাহ।।
সিরাজগঞ্জের রায়গঞ্জে হাইকোর্টের নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও অমান্য করে মালিকানা সম্পত্তি লিজ দেওয়ার অভিযোগ উঠেছে রায়গঞ্জ উপজেলা মৎস্য কর্মকর্তার বিরুদ্ধে।
শনিবার দুপুরে উপজেলার উটরা হাজিপুর গ্রামের বাসিন্দা ভুক্তভোগী মোহাম্মদ জামিল আনসারী তার নিজ বাসভবনে সংবাদ সম্মেলন করে অভিযোগ করেন, তিনি বলেন, হাইকোর্টের আদেশ থাকা সত্ত্বেও মৎস্য কর্মকর্তা মো. শরিফুল ইসলাম মোটা অঙ্কের বিনিময়ে তার পৈতৃক সম্পত্তি অবৈধভাবে লিজ প্রদান করেন।
তিনি বলেন, উক্ত জমির মালিকানা বিষয় নিয়ে ট্রাইব্যুনাল ও জেলা জজ আদালত তাদের পক্ষে রায় দিয়েছেন। পরে হাইকোর্ট ছয় মাসের স্থিতি বজায় রাখার নির্দেশ দেন, নির্দেশ অমান্য করে মৎস কর্মকর্তা তা লিজ প্রদান করেন।
ভুক্তভোগী আরও বলেন, তাদের পক্ষে সকল কাগজপত্র থাকা সত্ত্বেও সহকারী কমিশনার (ভূমি) নামজারির ব্যবস্থা গ্রহণ করছেন না। বর্তমানে তিনি ও তার পরিবার প্রাণনাশের হুমকিতে নিরাপত্তাহীনতায় ভুগছেন।
তিনি প্রশাসনের কাছে নিরাপত্তা ও হাইকোর্টের আদেশ অমাননাকারীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণের জোর দাবি জানান।
এ বিষয়ে রায়গঞ্জ সিনিয়র উপজেলা মৎস কর্মকর্তা মো. শরিফুল ইসলাম বলেন, আদালতের ৬ মাসের নিষেধাজ্ঞা ছিল, মেয়াদ শেষ হলেও পরবর্তী কোন নোটিশ বা আদেশ আমরা না পেয়ে ওই পুকুরটি লীজ প্রদান করি। আমরা এ বিষয়ে কোন নোটিশ বা আদেশ পেলে অবশ্যই এই লীজ বাতিল করা হবে।