প্রিন্ট এর তারিখঃ Nov 22, 2026 ইং || প্রকাশের তারিখঃ Oct 11, 2025 ইং
পদ্মা নদীতে মা ইলিশ রক্ষা অভিযান: ৬ জেলে আটক, কারেন্ট জাল ও ইলিশ জব্দ

আব্দুল আলিম।।
ইলিশের প্রধান প্রজনন মৌসুমে মা ইলিশ সংরক্ষণে সরকার ঘোষিত নিষেধাজ্ঞা বাস্তবায়নের অংশ হিসেবে পাবনা জেলায় অভিযান অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় বুধবার (৯ অক্টোবর) সকালে পাবনা সদর উপজেলার পদ্মা নদীর বিভিন্ন এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এস. এম. ফুয়াদ।
অভিযানে নিষেধাজ্ঞা অমান্য করে মা ইলিশ শিকার করার অপরাধে ৬ জন জেলেকে আটক করা হয়। পরবর্তীতে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে প্রত্যেককে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
এ সময় প্রায় ৫০০ মিটার কারেন্ট জাল (মূল্য আনুমানিক এক লাখ টাকা) জব্দ করে পুড়িয়ে ধ্বংস করা হয়। এছাড়া উদ্ধারকৃত ৫ কেজি ইলিশ মাছ স্থানীয় একটি এতিমখানায় বিতরণ করা হয়।
অভিযানে জেলা পুলিশের সদস্যদের পাশাপাশি উপস্থিত ছিলেন জেলা মৎস্য কর্মকর্তা দীপক কুমার পাল, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ আব্দুল হালিম, ফার্ম ম্যানেজার ড. মনা আশীষ চৌধুরি প্রমুখ।
প্রসঙ্গত, মা ইলিশ সংরক্ষণে সরকার ১২ অক্টোবর পর্যন্ত ইলিশ আহরণ, পরিবহন, মজুদ ও বিক্রয় সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করেছে। মা ইলিশ রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে প্রশাসন সূত্রে জানা গেছে।
স্বত্ব © দৈনিক জনতার খবর ২০২৫ | ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।