
কুড়িগ্রামের ভুরুঙ্গামারী উপজেলার পাগলারহাট জামতলা এলাকায় পবিত্র কোরআন শরীফ অবমাননার অভিযোগে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। অভিযোগ উঠেছে, মোঃ নূর ইসলাম কামার এর পুত্র মোঃ রেদোয়ান (২১) (৩নং তিলাই ইউনিয়নের ৬নং ওয়ার্ড) পবিত্র কোরআন শরীফে লাথি মেরে অবমাননা করেছেন। গতকাল ১০ই অক্টোবর ২০২৫ই আনুমানিক সন্ধ্যা সময় ঘটনাটি ঘটে।
ঘটনার খবর মুহূর্তেই এলাকায় ছড়িয়ে পড়লে ক্ষুব্ধ জনতা রেদোয়ানের বাড়ি ঘেরাও করে বিক্ষোভ শুরু করে। এতে এলাকায় ব্যাপক উত্তেজনার সৃষ্টি হয়। খবর পেয়ে ভুরুঙ্গামারী থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। পরে অভিযুক্ত রেদোয়ানকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে চিকিৎসা দেওয়া হয়।
পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ঘটনাস্থলে অতিরিক্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন করা হয়েছে। প্রশাসন সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছে।
ভুরুঙ্গামারী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আল হেলাল মাহমুদ বলেন, “ঘটনার বিষয়ে মামলার কার্যক্রম চলমান রয়েছে। প্রমাণের ভিত্তিতে অভিযুক্তের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”
বর্তমানে এলাকায় শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে পুলিশ ও প্রশাসন সতর্ক অবস্থায় আছে।