প্রিন্ট এর তারিখঃ Nov 21, 2026 ইং || প্রকাশের তারিখঃ Oct 9, 2025 ইং
বেহাল সিলেট-ঢাকা সড়ক, আন্দোলনের ডাক আরিফের

সুমন আহমদ খান
উপজেলা প্রতিনিধি
সিলেটের যোগাযোগব্যবস্থা নাজুক অবস্থায় রয়েছে। বিশেষ করে সিলেট-ঢাকা মহাসড়কের সংস্কার কাজে ধীরগতির কারণে প্রতিদিনই লেগে থাকে দীর্ঘ যানজট। রেলপথের অবস্থাও সন্তোষজনক নয়। এই দুর্ভোগের প্রতিবাদে আন্দোলনের ডাক দিয়েছেন সিলেট সিটি করপোরেশনের সাবেক মেয়র ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আরিফুল হক চৌধুরী।
বুধবার রাতে তিনি বলেন, “ঢাকা-সিলেট মহাসড়ক দীর্ঘদিন ধরেই চলাচলের অনুপযোগী, সংস্কার কাজেও কোনো গতি নেই। মানুষের কষ্টের একটা সীমা আছে, বছরের পর বছর এই দুর্ভোগ চলতে পারে না।”
তিনি অভিযোগ করেন, রাস্তাঘাটের বেহাল দশার কারণে সিলেটে পণ্য পরিবহন ব্যয় বাড়ায় বাজারমূল্যও বেড়ে যাচ্ছে। এতে সাধারণ মানুষ মারাত্মকভাবে ভুগছে।
আরিফ বলেন, “সিলেটের যোগাযোগ ব্যবস্থার দুর্ভোগ, অনিয়ম ও নৈরাজ্য এখন অসহনীয়। জনগণের মৌলিক অধিকার — নিরাপদ ও সুশৃঙ্খল যাতায়াতের অধিকার — আজ ক্ষুণ্ন হচ্ছে।”
এই পরিস্থিতির প্রতিবাদে আগামী রোববার (১২ অক্টোবর) সকাল ১১টায় কোর্ট পয়েন্টে নাগরিক সমাবেশের ডাক দিয়েছেন তিনি। এতে দল-মত নির্বিশেষে সবাইকে যোগ দেওয়ার আহ্বান জানিয়েছেন।
সম্প্রতি এক সমাবেশে তিনি বলেন, “সাইফুর রহমানের সময়ে তিন-চার ঘণ্টায় ঢাকা যেতাম, এখন লাগে ১২-১৫ ঘণ্টা। এটা কোনো উন্নয়ন না।”
তিনি সতর্ক করে বলেন, “দ্রুত সংস্কার কাজ শুরু না হলে সিলেটবাসীকে নিয়ে কঠোর আন্দোলনে নামতে বাধ্য হবো।”
স্বত্ব © দৈনিক জনতার খবর ২০২৫ | ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।