প্রিন্ট এর তারিখঃ Nov 22, 2026 ইং || প্রকাশের তারিখঃ Oct 9, 2025 ইং
বকশীগঞ্জে পুলিশের ওপর হামলা করে মাদক ব্যবসায়ীকে ছিনতাই, আটক ৫

জামালপুরের বকশীগঞ্জে পুলিশের ওপর হামলা চালিয়ে আটক মাদক ব্যবসায়ীকে ছিনিয়ে নেওয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনায় এক এসআইসহ দুই পুলিশ সদস্য আহত হয়েছেন। পরে অভিযান চালিয়ে পাঁচজনকে আটক করেছে থানা পুলিশ।
ঘটনাটি ঘটেছে বুধবার (৮ অক্টোবর) রাত ৯টার দিকে বকশীগঞ্জ পৌর শহরের সওদাগর পাড়া এলাকায়।
বকশীগঞ্জ থানা পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে থানা পুলিশের একটি দল সওদাগর পাড়ার সুরুজ আলীর ছেলে লিটন মিয়ার (৪৫) বাড়িতে অভিযান চালায়। এ সময় লিটনকে ১০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ আটক করা হয়।
তবে পুলিশ লিটনকে আটক করে নিয়ে যাওয়ার সময় তার পরিবারের সদস্য ও সহযোগীরা পুলিশকে লক্ষ্য করে হামলা চালায়। একপর্যায়ে হামলাকারীরা পুলিশের কাছ থেকে লিটন মিয়াকে ছিনিয়ে নেয়। এতে এসআই রাসেল আহাম্মেদ ও কনস্টেবল আমিরুল ইসলাম আহত হন। পরে তারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নেন।
খবর পেয়ে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী লিটন মিয়া, তার মা ফিরোজা বেগম, সিয়াম মিয়া, শামীম মিয়া ও রিপন মিয়াকে আটক করে।
বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার শাকের আহমেদ বলেন, “পুলিশের ওপর হামলা ও মাদক ব্যবসায়ীকে ছিনিয়ে নেওয়ার ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। আটককৃতদের বৃহস্পতিবার সকালে জামালপুর আদালতে প্রেরণ করা হয়েছে।”
স্বত্ব © দৈনিক জনতার খবর ২০২৫ | ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।