
ইফতিয়ার আহম্মেদ পুলক।।
নারায়ণগঞ্জের ফতুল্লায় মাত্র ১২ ঘণ্টার মধ্যে আলোচিত নয়ন হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন করেছে পুলিশ। এ ঘটনায় মূল আসামিসহ মোট সাতজনকে গ্রেফতার করা হয়েছে।
গত ৫ অক্টোবর দুপুরে ফতুল্লার পশ্চিম দেলপাড়া এলাকার একটি ফ্ল্যাটে মো. নয়ন (৪৮)কে হত্যা করা হয়। পরদিন তার মরদেহ দুই পা বিচ্ছিন্ন অবস্থায় প্লাস্টিক ড্রামের মধ্যে ফেলে রাখা অবস্থায় উদ্ধার করে পুলিশ।
নয়নের পিতা মো. আব্দুল সালাম বাদী হয়ে ফতুল্লা মডেল থানায় মামলা দায়ের করেন। এরপর নারায়ণগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ জসীম উদ্দিন, পিপিএম (বার)–এর নির্দেশে জেলা পুলিশ ও ডিবি যৌথভাবে অভিযান চালিয়ে ৭ আসামিকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃতরা হলেন—সাবিনা ওরফে সাবরিনা (৩৮), রাসেল ওরফে ঠোঙ্গা রাসেল, চয়ন (৩৮), জুয়েল (২৮), নোমান ওরফে মানিক (২৮), সুমাইয়া (২০) ও সানজিদা ওরফে সাজু (১৮)।
পুলিশ জানায়, নয়নের দ্বিতীয় স্ত্রী সাবিনা ও আসামি রাসেল পরকীয়ার সম্পর্কে জড়িয়ে পড়েন। নয়ন তা জানতে পেরে তাদের মধ্যে বিরোধের সৃষ্টি হয়। ঘটনার দিন সাবিনা ও রাসেল মিলে নয়নকে হত্যা করে, পরে অন্য আসামিদের সহযোগিতায় লাশ গুমের চেষ্টা চালায়।
গ্রেফতার আসামিদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে হত্যার কথা স্বীকার করেছে বলে জানিয়েছে পুলিশ। আদালত সুমাইয়া ও সানজিদার ২ দিনের এবং বাকি আসামিদের ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন।