প্রিন্ট এর তারিখঃ Nov 21, 2026 ইং || প্রকাশের তারিখঃ Oct 8, 2025 ইং
ঝিনাইদহে অস্ত্রসহ সাবেক ইউপি সদস্য আতাউল গ্রেফতার

বাবুল আক্তার, ঝিনাইদহ প্রতিনিধি :
ঝিনাইদহে অস্ত্র ও বিস্ফোরকসহ আতাউল মন্ডল (৪৮) নামে এক সাবেক ইউপি সদস্যকে আটক করেছে যৌথবাহিনী। বুধবার (৮ অক্টোবর) ভোররাতে ঝিনাইদহ সদর উপজেলার বামনাইল গ্রামের মধ্যপাড়া এলাকা থেকে তাকে আটক করা হয়।
আটক আতাউল মন্ডল কালীগঞ্জ উপজেলার নাটোপাড়া গ্রামের গোলাম রাব্বানীর ছেলে। তিনি স্থানীয় জামাল ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য ছিলেন।
ঝিনাইদহ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল্লাহ আল মামুন এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে রাতের আঁধারে যৌথবাহিনীর একটি বিশেষ টিম অভিযান চালায়। এ সময় আতাউল মন্ডলকে তার বাড়ি থেকে আটক করা হয়। অভিযানের সময় তার কাছ থেকে একটি ওয়ান শুটার পিস্তল, দুটি রাবার বুলেট, একটি ককটেল, একটি ছোট ধারালো কুড়াল ও দুটি রামদা উদ্ধার করা হয়।
ওসি আরও জানান, আটক আতাউল মন্ডলের বিরুদ্ধে হত্যা, সন্ত্রাসী কার্যক্রমসহ একাধিক মামলা রয়েছে। আটক আতাউল মন্ডলকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন পুলিশের ওই কর্মকর্তা।
স্বত্ব © দৈনিক জনতার খবর ২০২৫ | ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।