
মঙ্গলবার (৭ অক্টোবর) গণমাধ্যমকে এসব তথ্য জানিয়েছেন আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটির আহ্বায়ক ও ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক এস এম কামাল উদ্দিন হায়দার।
অধ্যাপক কামাল উদ্দিন জানান, দেশের সব শিক্ষা বোর্ডেই খাতা মূল্যায়ন সম্পন্ন হয়েছে। বর্তমানে ফল প্রস্তুতের কারিগরি কাজ চলছে। নির্ধারিত সময়ের মধ্যেই ফল প্রকাশের জন্য প্রয়োজনীয় সব প্রক্রিয়া সম্পন্ন করার নির্দেশনা দেয়া হয়েছে।
তিনি বলেন, ‘১৮ অক্টোবর ৬০ দিন পূর্ণ হবে। আমরা এর আগেই ফল প্রকাশ করব। তবে ফল প্রকাশের নির্দিষ্ট তারিখ এখনো চূড়ান্ত হয়নি। তারিখ চূড়ান্ত হলে জানানো হবে।’
এবারের এইচএসসি ও সমমানের লিখিত পরীক্ষা গত ১৯ আগস্ট শেষ হয়। ব্যবহারিক পরীক্ষা অনুষ্ঠিত হয় ২১ থেকে ৩১ আগস্ট পর্যন্ত। ১২ লাখেরও বেশি পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়। পাবলিক পরীক্ষা আইন অনুযায়ী—লিখিত পরীক্ষা শেষ হওয়ার ৬০ দিনের মধ্যে ফল প্রকাশ করা হয়।
প্রথম প্রকাশিত রুটিন অনুযায়ী—গত ২৬ জুন এইচএসসি ও সমমান পরীক্ষা শুরু হয়েছিল। ১৩ আগস্ট পরীক্ষা শেষ হওয়ার কথা থাকলেও কয়েকটি বিষয়ের পরীক্ষা স্থগিতের পর পুনরায় সূচি প্রকাশ করায় পরীক্ষা শেষ হতে কিছুটা দেরি হয়।
এবার ১১টি শিক্ষা বোর্ডের অধীনে পরীক্ষায় বসেন ১২ লাখ ৫১ হাজার ১১১ শিক্ষার্থী। তাদের মধ্যে ৬ লাখ ১৮ হাজার ১৫ ছাত্র এবং ৬ লাখ ৩৩ হাজার ৯৬ ছাত্রী। সারাদেশে ২ হাজার ৭৯৭টি কেন্দ্রে পরীক্ষা হয়।
ঢাকা বোর্ডে পরীক্ষার্থী ২ লাখ ৯১ হাজার ২৪১, রাজশাহীতে ১ লাখ ৩৩ হাজার ২৪২, কুমিল্লায় ১ লাখ ১ হাজার ৭৫০, যশোরে ১ লাখ ১৬ হাজার ৩১৭ ও চট্টগ্রামে ১ লাখ ৩৫ জন।
এ ছাড়া বরিশালে পরীক্ষার্থী ৬১ হাজার ২৫, সিলেটে ৬৯ হাজার ৬৮৩, দিনাজপুরে ১ লাখ ৩ হাজার ৮৩২ এবং ময়মনসিংহে ৭৮ হাজার ২৭৩ জন। মাদরাসা শিক্ষা বোর্ডের অধীনে আলিম পরীক্ষার্থী ৮৬ হাজার ১০২ জন। কারিগরি বোর্ডের অধীনে পরীক্ষার্থী ১ লাখ ৯ হাজার ৬১১ জন।