প্রিন্ট এর তারিখঃ Nov 22, 2026 ইং || প্রকাশের তারিখঃ Oct 8, 2025 ইং
সাউথে কোরআন অবমাননার প্রতিবাদে বিশ্বনাথে বিক্ষোভ

সুমন আহমদ খান
উপজেলা প্রতিনিধি
সিলেটের বিশ্বনাথে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র অপূর্ব পালের বিরুদ্ধে পবিত্র কোরআন অবমাননার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
গতকাল মঙ্গলবার বাদ যোহর উপজেলা সদরের জামিয়া মাদানিয়া মাদরাসার সামনে থেকে ‘তাওহিদী জনতা’র ব্যানারে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি উপজেলা শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে পৌর শহরের বাসিয়া সেতুর মুখে এসে প্রতিবাদ সভায় মিলিত হয়।
সভায় বক্তারা উগ্রবাদী অপূর্ব পালের দৃষ্টান্তমূলক সর্বোচ্চ শাস্তি দাবি করেন। পাশাপাশি এ ঘটনায় দেশে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের কোনো ষড়যন্ত্র আছে কি না, তা খতিয়ে দেখার আহ্বান জানান। বক্তারা বলেন, সরকারের প্রচেষ্টা ও আলেম সমাজের ঐক্য থাকা সত্ত্বেও ধর্মীয় উসকানিমূলক কর্মকাণ্ড দেশের শান্তি বিনষ্ট করছে এদের দ্রুত আইনের আওতায় আনতে হবে।
বক্তারা আরও বলেন, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী অপূর্ব পাল পবিত্র কোরআন অবমাননা করে মুসলিম উম্মাহর হৃদয়ে আঘাত হেনেছেন। তাকে দ্রুত দৃষ্টান্তমূলক শাস্তি না দেওয়া হলে দেশের তাওহিদী জনতা বৃহত্তর আন্দোলনের কর্মসূচি দিতে বাধ্য হবেন।
প্রতিবাদ সমাবেশে হেফাজতে ইসলাম বিশ্বনাথ উপজেলার আহ্বায়ক মাওলানা কামরুল ইসলাম ছমীরের সভাপতিত্বে ও জামিয়া মাদানিয়া মাদরাসার শিক্ষক মাওলানা হাসান বিন ফাহিমের পরিচালনায় বক্তব্য রাখেন জামিয়া মোহাম্মাদিয়া মাদরাসার শিক্ষক মাওলানা আবদুল মতিন, মুফতি আল আমীন রাহমানী, আলোকিত সুর সাংস্কৃতিক ফোরামের প্রতিষ্ঠাতা পরিচালক এম কাওছার আহমদ, মাওলানা হাবীবুল্লাহ খান, মাওলানা মিজানুর রহমান, আল আশরাফ ছাত্র সংসদের জিএস আবদুল্লাহ বিন লিটন চৌধুরী, সাহিত্য সম্পাদক আবু হুরায়রা ও ছাত্রনেতা নোমান আহমদ প্রমুখ।
স্বত্ব © দৈনিক জনতার খবর ২০২৫ | ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।