প্রিন্ট এর তারিখঃ Nov 26, 2026 ইং || প্রকাশের তারিখঃ Oct 8, 2025 ইং
ভোলা-২ আসনে নতুন মুখের জোয়ার, এগিয়ে মোহাম্মদ উল্লাহ চৌধুরী ফয়সাল

মোঃ ইয়ামিন ॥
ভোলার বোরহানউদ্দিন ও দৌলতখান উপজেলা নিয়ে গঠিত ভোলা-২ জাতীয় সংসদের ১১৫ নম্বর আসনটি স্বাধীনতার পর থেকেই হেভিওয়েট প্রার্থীদের দখলে ছিল। এই আসনে নির্বাচন করেছেন তোফায়েল আহমেদ চৌধুরী, ভাষা সৈনিক রেজাএ করিম চুন্নু চৌধুরী, শেখ মুজিবুর রহমান, তোফায়েল আহমেদ, মোশারেফ হোসেন শাজাহান, ইউসুফ হোসেন হুমায়ুনসহ আরও অনেকে। তবে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এবার তেমন কোনো হেভিওয়েট প্রার্থীর নাম শোনা যাচ্ছে না। রাজনৈতিক অঙ্গনে গুঞ্জন উঠেছে, এবারের নির্বাচনে বিএনপি এই আসনে একেবারে নতুন মুখকে মনোনয়ন দিতে পারে।
দলীয় সূত্রে জানা গেছে, ইতোমধ্যে বিএনপির বেশ কয়েকজন মনোনয়ন প্রত্যাশী কেন্দ্রের দৌড়ঝাঁপ শুরু করেছেন। তাদের মধ্যে লবিং এবং গ্রুপিংয়ে এগিয়ে রয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ উল্লাহ চৌধুরী ফয়সাল।
ভোলা-২ আসনের সাধারণ ভোটারদের সঙ্গে কথা বলে জানা যায়, বোরহানউদ্দিন উপজেলার গঙ্গাপুর ইউনিয়নের ঐতিহ্যবাহী চৌধুরী পরিবারের সন্তান ফয়সাল। তিনি ভোলা থেকে নির্বাচিত সাবেক এমএনএ ও বরিশাল ডিস্ট্রিক্ট বোর্ডের সাবেক চেয়ারম্যান, ভাষাসৈনিক মরহুম তোফায়েল আহমেদ চৌধুরীর প্রপৌত্র। এছাড়া তিনি প্রবীণ সাংবাদিক মোবাশ্বির উল্লাহ চৌধুরী এবং এডভোকেট নিরব চৌধুরীর বড় ভাই মরহুম হাবিবউল্লাহ চৌধুরীর কৃতি সন্তান।
ঢাকা বিশ্ববিদ্যালয় এবং কবি জসিমউদ্দীন হল ছাত্রদলের প্রাক্তন নেতা ফয়সাল ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সহ-সাধারণ সম্পাদক পদ থেকে সরাসরি বিএনপির স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক পদে দায়িত্ব পান। তৃণমূল থেকে উঠে আসা এই তরুণ উদীয়মান নেতা দীর্ঘ ৩০ বছরের রাজনৈতিক জীবনে সকল গণতান্ত্রিক আন্দোলনে রাজপথে সক্রিয় ভূমিকা পালন করে আসছেন।
স্কুল জীবন থেকেই রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ফয়সাল জয়নগর মাধ্যমিক বিদ্যালয় শাখা ছাত্রদলের সভাপতির দায়িত্ব পালন করেন। এরপর কলেজ ছাত্রদল ও ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলে বিভিন্ন পদে দায়িত্ব পালন করেন। ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে দীর্ঘ ১৭ বছর রাজপথে সম্মুখসারিতে নেতৃত্ব দেন এবং ২০২৪ সালের গণঅভ্যুত্থানেও অসীম সাহসিকতার সঙ্গে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।
আগামী ফেব্রুয়ারির নির্বাচনে ভোলা-২ আসন থেকে বিএনপির মনোনয়ন পেতে ইতোমধ্যে তিনি দলের হাইকমান্ডের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছেন। পাশাপাশি এলাকায় তৃণমূল পর্যায়ে প্রচারণা চালাচ্ছেন। বোরহানউদ্দিন ও দৌলতখান উপজেলার গ্রামগঞ্জের হাট-বাজারে তার পোস্টার ও ব্যানার শোভা পাচ্ছে।
মোহাম্মদ উল্লাহ চৌধুরী ফয়সাল বলেন, “আমার পরিবার জেলার অন্যতম রাজনৈতিক পরিবার। এই পরিবারের সঙ্গে এলাকার মানুষের আত্মিক সম্পর্ক রয়েছে। আগামী জাতীয় সংসদ নির্বাচনে আমি দলের মনোনয়ন প্রত্যাশা করছি এবং সেই লক্ষ্যে কাজ করে যাচ্ছি। তবে দলীয় হাইকমান্ড যাকেই মনোনয়ন দেবে, আমি তার পক্ষেই কাজ করব।”
স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, দীর্ঘদিনের তৃণমূলসংগঠিত নেতা ও তরুণ নেতৃত্ব হিসেবে মোহাম্মদ উল্লাহ চৌধুরী ফয়সালের এগিয়ে থাকার সম্ভাবনা রয়েছে। সবকিছু মিলিয়ে ভোলা-২ আসনের আসন্ন নির্বাচনে নতুন মুখের সম্ভাবনা জোরদার হচ্ছে।
স্বত্ব © দৈনিক জনতার খবর ২০২৫ | ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।