প্রিন্ট এর তারিখঃ Nov 21, 2026 ইং || প্রকাশের তারিখঃ Oct 7, 2025 ইং
খুলনার দৌলতপুর রেলিগেটে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার, এলাকায় চাঞ্চল্য

মোঃ মেহেদী হাসান।।
খুলনা মহানগরীর দৌলতপুর থানাধীন রেলিগেট এলাকায় এক অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (৭ অক্টোবর) সকাল আনুমানিক সাড়ে ১০টার দিকে রেলিগেটের ময়লার ডাস্টবিনের পাশে লাশটি পড়ে থাকতে দেখে স্থানীয়রা বিষয়টি দৌলতপুর থানা পুলিশকে জানান।
খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পুলিশ লা*শটি উদ্ধার করে। নিহত ব্যক্তির পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি, তবে স্থানীয়দের বরাতে জানা গেছে, তিনি মানসিক ভারসাম্যহীন ছিলেন। তার বয়স আনুমানিক ৫৫ বছর। গত ৫ অক্টোবর থেকে ওই এলাকাতেই ঘোরাফেরা করতে দেখা গিয়েছিল তাকে।
স্থানীয় বাসিন্দারা জানান, কয়েকদিন ধরে ওই ব্যক্তি রেলিগেটের আশপাশে অবস্থান করছিলেন। কখনো ফুটপাতের পাশে আবার কখনো দোকানের সামনে বসে থাকতে দেখা যেত তাকে। সোমবার সকালে হঠাৎ ডাস্টবিনের পাশে তার লা*শ পড়ে থাকতে দেখে এলাকাবাসীর মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি হয়।
দৌলতপুর থানার ওসি জানান, খবর পাওয়ার পর পুলিশ ঘটনাস্থলে গিয়ে লা*শটি উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এটি স্বাভাবিক মৃত্যু হতে পারে। তবে ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।
তিনি আরও বলেন, লা*শটির পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। এ ঘটনায় থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে এবং আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।
এদিকে, হঠাৎ এভাবে অজ্ঞাত ব্যক্তির লা*শ উদ্ধার হওয়ার ঘটনায় এলাকাবাসীর মধ্যে উদ্বেগ ও আতঙ্কের সৃষ্টি হয়েছে। তারা দ্রুত ঘটনার রহস্য উদঘাটনের দাবি জানিয়েছেন।
স্বত্ব © দৈনিক জনতার খবর ২০২৫ | ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।