প্রিন্ট এর তারিখঃ Nov 21, 2026 ইং || প্রকাশের তারিখঃ Oct 7, 2025 ইং
গজারিয়ায় তিতাসের অভিযানে দুই প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা

গাজী মাহমুদ পারভেজ।।
মুন্সীগঞ্জের গজারিয়ায় অবৈধ গ্যাস সংযোগের বিরুদ্ধে অভিযান চালিয়ে একটি প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা ও দুটি চুনা কারখানার গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।
মঙ্গলবার (৭ অক্টোবর) সকাল ১১টা থেকে বিকেল ৪টা পর্যন্ত উপজেলার বালুয়াকান্দি, বাউশিয়া ও ভাটেরচর এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সহকারী সচিব ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মিল্টন রায়।
অভিযান চলাকালে ভাটেরচর এলাকার খুলনা মিষ্টি ভান্ডার অ্যান্ড রেস্টুরেন্টে অবৈধভাবে গ্যাস ব্যবহার করার প্রমাণ মেলায় প্রতিষ্ঠানটিকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয় এবং তাদের সংযোগ তাৎক্ষণিকভাবে বিচ্ছিন্ন করা হয়। এছাড়া বালুয়াকান্দি ও বাউশিয়া এলাকায় দুটি অবৈধ চুনা কারখানার সংযোগ বিচ্ছিন্ন করে কারখানাগুলো গুড়িয়ে দেওয়া হয়।
তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানির মেঘনা অঞ্চলের ব্যবস্থাপক সুরজিৎ কুমার সাহা জানান, “আজকের অভিযানে একটি প্রতিষ্ঠানকে জরিমানা ও দুটি চুনা কারখানার সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। অবৈধ সংযোগের বিরুদ্ধে আমাদের অভিযান চলমান রয়েছে এবং এ ধরনের কার্যক্রম আরও জোরদার করা হবে।”
তিনি আরও বলেন, অবৈধভাবে গ্যাস ব্যবহার শুধু রাষ্ট্রীয় সম্পদের অপচয় নয়, এটি একটি অপরাধমূলক কর্মকাণ্ড যা জাতীয় স্বার্থের পরিপন্থী।
উল্লেখ্য, সাম্প্রতিক সময়ে গজারিয়া উপজেলায় শিল্প ও ব্যবসা প্রতিষ্ঠানগুলোর মধ্যে অবৈধ গ্যাস সংযোগ ব্যবহার বেড়ে যাওয়ায় তিতাসের অভিযানের তৎপরতা বাড়ানো হয়েছে। তিতাস কর্তৃপক্ষ জানিয়েছে, এ অভিযান নিয়মিতভাবে চলবে এবং কেউ অবৈধ সংযোগ ব্যবহার করলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
স্বত্ব © দৈনিক জনতার খবর ২০২৫ | ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।