
মোঃ মশিউর রহমান।।
‘একদিন তুমি পৃথিবী গড়েছো, আজ আমি স্বপ্ন গড়বো—স্বযত্নে তোমায় রাখবো আগলে’— এই প্রতিপাদ্যকে সামনে রেখে দিনাজপুরের পার্বতীপুরে যথাযোগ্য মর্যাদা ও বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে পালিত হয়েছে ৩৫তম আন্তর্জাতিক প্রবীণ দিবস-২০২৫।
দিবসটি উপলক্ষে মঙ্গলবার (৭ অক্টোবর) সকাল ১০টায় উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা অধিদপ্তরের আয়োজনে উপজেলা সমাজসেবা কার্যালয় প্রাঙ্গণ থেকে এক বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়।
র্যালি শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা সমাজসেবা অফিসার তাপস রায়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাদ্দাম হোসেন।
আলোচনা সভায় বক্তারা বলেন, প্রবীণরা সমাজের অভিজ্ঞতা, প্রজ্ঞা ও মূল্যবোধের ধারক। তাঁদের প্রতি শ্রদ্ধা, ভালোবাসা ও যত্ন প্রদর্শনের মধ্য দিয়েই মানবিক সমাজ গঠন সম্ভব। বক্তারা আরও বলেন, সরকার প্রবীণবান্ধব সমাজ গড়ে তুলতে ইতোমধ্যে নানা উদ্যোগ গ্রহণ করেছে—যার মধ্যে রয়েছে প্রবীণ ভাতা, প্রবীণ হেলথ কার্ড ও প্রবীণ সেবা কেন্দ্র স্থাপন। তবে সরকারের পাশাপাশি সমাজের সর্বস্তরের মানুষকেও প্রবীণবান্ধব পরিবেশ তৈরিতে এগিয়ে আসতে হবে।
অনুষ্ঠানে শতাধিক প্রবীণ নারী-পুরুষ উপস্থিত থেকে দিনটি উদযাপন করেন আনন্দ ও উৎসবমুখর পরিবেশে।