প্রিন্ট এর তারিখঃ Nov 21, 2026 ইং || প্রকাশের তারিখঃ Oct 7, 2025 ইং
দুর্ভোগ আর যানজটের কারণ মহাসড়কে অর্ধশতাধিক গর্ত!

মোহাম্মদ আলী মাস্টার।
সরাইল,ব্রাহ্মণবাড়িয়া
ব্রাহ্মণবাড়িয়ার সরাইল - আশুগঞ্জ থেকে বিশ্বরোড পর্যন্ত ঢাকা-সিলেট মহাসড়কের নির্মানাধীন ১২ কিলোমিটার চারলেন যেন মরার উপর খাড়ার ঘায়ে পরিণত হয়ে উঠেছে। পদে পদে ভোগান্তি আর অনিশ্চিত যাত্রায় যাত্রীরা এই সড়ক পাড়ি দিতে গিয়ে ঘন্টার পর ঘন্টা বসে থেকে সময় পার করছেন। এতে তাদের ভোগান্তির পাশাপাশি নষ্ট হচ্ছে কর্মঘন্টা। কমছে সড়ক পথে যাত্রী পারাপার।লোকসান গুনছে পরিবহন সংশ্লিষ্টরা। তবে দ্রুত সময়ের মধ্যেই সড়কটি মেরামতের কাজ শেষ হবে বলে জানিয়েছেন সড়ক বিভাগের উচ্চ পর্যায়ের প্রতিনিধি দলের সদস্যরা।প্রকল্প সংশ্লিষ্টরা জানান, গত ২০১৭ সালে ঢাকা-সিলেট মহাসড়কটি আশুগঞ্জ থেকে আখাউড়া স্থলবন্দর পর্যন্ত ৫১ কিলোমিটার মহাসড়ক নির্মানের অনুমোদন দেয় জাতীয় অর্থনৈতিক পরিষদ (একনেক)।
পরে প্রকল্পটির খুটি নাটি পরীক্ষা- নিরিক্ষা করে ২০২০ সালে ৩টি প্যাকেজ ৫১ কিলোমিটার মহাসড়কের কাজ শুরু করে ভারতীয় ঠিকাদারি প্রতিষ্ঠান এফকনস ইনফ্রাস্ট্রাকচার লিমিটেড। এরপর করোনা মহামারী, পরে মহাসড়ক নির্মানে বালু সংকট, সর্বশেষ রাজনৈতিক অস্থিরতার কারণে কয়েক দফা পিছিয়ে যায় সড়কটির নির্মান কাজ। এর মধ্যে প্যাকেজ-১ এর আওতায় আশুগঞ্জ থেকে বিশ্বরোড পর্যন্ত ১২ কিলোমিটার চারলেন মহাসড়কের একপাশ নির্মান করতে কেটে যায় ৮ বছর। এর মধ্যে ২০২৫ সালে ৩১ জুন প্রকল্পের মেয়াদ শেষ হয়। পরে সড়কটি নির্মানে নতুন করে জটিলতা সৃষ্টিহয়। এর মধ্যে বর্ষাকালে সড়কটির আশুগঞ্জ ও বিশ্বরোড অংশে বড় বড় গর্তের সৃষ্টিহয়। এতে মহাসড়কটিতে যান চলাচলের অনুপযোগী হয়ে উঠে। ফলে প্রায়শই থমকে থাকে যানবাহনের চাকা। এতে ভোগান্তিতে পরে এই মহাসড়কে চলাচলরত কয়েক লাখ যাত্রী ও পরিবহন চালক।ঢাকা থেকে ব্রাহ্মণবাড়িয়ার যাত্রী মনির হোসেন জানান, ঢাকা থেকে ভৈরব চলে আসি ২ ঘণ্টার মধ্যে। আর ভৈরব থেকে বিজয়নগরের রামপুর পর্যন্ত ২০ কিলোমিটার সড়ক অতিক্রম করতে সময় লেগেছে ১১ ঘন্টা।এনিয়ে তিনি ক্ষোভ প্রকাশ করেন।বাসচালক মশিউর জানান, সিলেট থেকে বাস নিয়ে ঢাকা যাচ্ছি। মোটামুটি ঝামেলা মুক্তভাবে সিলেট থেকে ব্রাহ্মণবাড়িয়া সরাইলের শাহবাজপুর পর্যন্ত এসেছি। এর পরই তীব্র যানজটের কবলে পড়তে হয়েছে। এই সড়কে চলাচল করতে গিয়ে বিশ্বরোডের মোড় আর আশুগঞ্জে গোল চত্বর নামটি শুনলেই আগে থেকে ভোগান্তির কথা মনেপরে গায়ে কাপনি চলে আসে। কারণ ১৫ থেকে ২০ কিলোমিটার পথ অতিক্রম করতে ১০ থেকে ১২ ঘণ্টা সময় লেগে যায়। নিয়মিত জ্যাম লাগার কারণ সম্পর্কে তিনি জানান, একদিকে মহাসড়কে বড় বড় গর্ত আর খানাখন্দ অন্যদিকে মহাসড়কের দুই পাশে অবৈধ সিএনজি স্ট্যান্ড ও অবৈধ বাস স্ট্যান্ড। এসব কারণে যানজটের ভোগান্তি আরও বাড়ছে। যে যেভাবে পারে, সেভাবেই মহাসড়কের আশপাশ দখল করছে।
ব্রাহ্মনবাড়িয়া-ঢাকা রয়েল পরিবহনের বিশ্বরোড টিকেট কাউন্টারের ম্যানেজার মনির হোসেন বলেন এখন আর যাত্রী পাওয়া যায় না। যানজটের কারণে ট্রেনেই যাত্রীরা যাতায়াত করে ফলে কষ্টে দিনযাপন করতে হচ্ছে। খাঁটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহাঙ্গীর আলম জানান, সড়কটি নাজুক হওয়ায় দায়িত্বপালন করতে গিয়ে পুলিশ সদস্যরা হিমশিম খাচ্ছেন। তিনি বলেন, কখনো গর্তের মধ্যে ট্রাকের চাকা আটকে যাচ্ছে। কখনো যানবাহন বিকল হয়ে চলাচলের প্রতিবন্ধকতা সৃষ্টি করছে। এছাড়া যান বাহনের অতিরিক্ত চাপ থাকায় এই মহাসড়কে প্রতিনিয়ত যানজটের সৃষ্টি হচ্ছে। তিনি আরো জানান, একদিকে নাজুক মহাসড়ক, অন্যদিকে একটু বৃষ্টি হলে গর্তগুলোতে পানি জমে যান চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি হয়। পরিবহন চালক ও যাত্রীদের ভোগান্তির মাত্রা কয়েক গুন বৃদ্ধি পায়। ভোগান্তি থেকে মুক্তি পাওয়ার জন্য সড়কটি মেরামত করা ছাড়া বিকল্প আর কোন উপায় দেখছি না।অপরদিকে মহাসড়কের সরাইল অংশে তদারককারী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: মোশাররফ হোসেন বলেন , আমরা প্রায় সময়ই সড়কটির বিভিন্ন অংশে ইট বালু ফেলে সড়কটি সচল রাখার চেষ্টা করে যাচ্ছি। কিন্তু অতিরিক্ত যানবাহনের চাপে সেগুলো বেশিক্ষণ স্থায়ী হচ্ছে না। তবে প্রকল্পের একটু সমস্যা ছিল এই সমস্যাগুলো শেষ হয়েছে। লোকবল এবং মালামাল সবই চলে এসেছে। দ্রুত সময়ের মধ্যে সড়কটি নির্মাণে কাজ শুরু হবে বলে জানান তিনি।এদিকে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সিনিয়র সচিব মো: এহছানুল হক সম্প্রতি সড়কটি পরিদর্শন এসে জানান, আগামী ডিসেম্বরের মধ্যে নাজুক সড়কের নির্মাণ কাজ শেষ হবে। এতে এই সড়কের চলাচলরত যাত্রী এবং পরিবহন চালকেরা ভোগান্তি থেকে অনেকটাই মুক্তি পাবেন।সড়ক বিভাগের তথ্যমতে- এই মহাসড়কে ১২ কিলোমিটার অংশে প্রায় অর্ধশত ছোট বড় গর্ত রয়েছে। যার উপর দিয়ে দৈনিক গড়ে ২২ হাজার ছোটবড় যানবাহন ধীরগতিতে চলাচল করছে।
আজ(০৮/১০/২৫) বুধবার সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মাদ ফাওজুল কবির খানের নাজুক মহাসড়কটি পরিদর্শনে আসার কথা রয়েছে। ফলে তড়িঘড়ি করে উপদেষ্টাকে দেখাতে সংস্কারের উদ্যোগ নেওয়া হয়েছে। তবে কতটুকু টেকসই ও কাজের কোন তথ্য না থাকায় জনমনে প্রশ্ন দেখা দিয়েছে।
স্বত্ব © দৈনিক জনতার খবর ২০২৫ | ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।