
দিনাজপুরের পার্বতীপুরে দুইদিনব্যাপী বিশেষ শিক্ষা বিষয়ক প্রশিক্ষণ কার্যক্রম “Innovation, Teaching and Tech for Special Education Excellence Training” সফলভাবে সম্পন্ন হয়েছে।
৫ ও ৬ অক্টোবর ২০২৫ তারিখে পার্বতীপুর উপজেলা অডিটোরিয়ামে অনুষ্ঠিত এ প্রশিক্ষণের আয়োজন করে বাংলাদেশ প্রতিবন্ধী বিদ্যালয় সমন্বয় পরিষদ।
এ কার্যক্রম বাস্তবায়ন করে মুক্তিযোদ্ধা স্মৃতি বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক মডেল বিদ্যালয় এবং বীর মুক্তিযোদ্ধা বুদ্ধি প্রতিবন্ধী অটিস্টিক স্কুল, সহযোগিতায় ছিলেন জাহানারা এন্ড লতিফর রহমান স্পেশাল এডুকেশন টিচার্স ট্রেনিং কলেজ, নাটোর।
সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রশিক্ষণার্থীদের হাতে সনদপত্র তুলে দেন পার্বতীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. সাদ্দাম হোসেন।
তিনি বলেন,
“বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের শিক্ষায় উদ্ভাবন ও প্রযুক্তির ব্যবহার সময়োপযোগী উদ্যোগ। এই প্রশিক্ষণ বিশেষ শিক্ষকদের দক্ষতা বৃদ্ধি করবে এবং শিক্ষার মান উন্নয়নে ভূমিকা রাখবে।”
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বতীপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন এবং উপজেলা সমাজসেবা কর্মকর্তা তাপস রায়।
তাপস রায় বলেন,
“এই প্রশিক্ষণের মাধ্যমে শিক্ষকদের পেশাগত দক্ষতা যেমন বাড়বে, তেমনি প্রতিবন্ধী শিক্ষার্থীদের সেবা ও শিক্ষায় আসবে ইতিবাচক পরিবর্তন।”
প্রথম দিন (৫ অক্টোবর) অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শহীদ মুক্তিযোদ্ধা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জেসমিন আক্তার,
আর দ্বিতীয় দিন (৬ অক্টোবর) সভাপতিত্ব করেন বীর মুক্তিযোদ্ধা বুদ্ধি প্রতিবন্ধী বিদ্যালয়ের সভাপতি ও দেউল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নজরুল ইসলাম।
দুই দিনের পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মুক্তিযোদ্ধা স্মৃতি বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক মডেল বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক মো. মিরাজ ই মোস্তফা।
প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন প্রতিবন্ধী বিষয়ক গবেষক ও লেখক ম. মাহবুবুর রহমান ভুঁইয়া এবং জাহানারা এন্ড লতিফর রহমান স্পেশাল এডুকেশন টিচার্স ট্রেনিং কলেজের অধ্যক্ষ মো. সিমানুর রহমান।
অধ্যক্ষ সিমানুর রহমান বলেন,
“শিক্ষার কোনো শেষ নেই। বিশেষ শিক্ষকদের প্রশিক্ষণের প্রয়োজনীয়তা অপরিসীম। বিশেষ শিশুদের সঙ্গে কাজ করতে হলে দক্ষতা ও সহমর্মিতার সমন্বয় অপরিহার্য।”
দুইদিনব্যাপী এ প্রশিক্ষণে মোট ৫১ জন বিশেষ শিক্ষক অংশগ্রহণ করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে ফিতা কেটে প্রশিক্ষণের শুভ সূচনা করেন পার্বতীপুর মডেল থানার অফিসার ইনচার্জ আব্দুল্লাহ আল মামুন। উদ্বোধনী বক্তব্যে উপজেলা সমাজসেবা কর্মকর্তা তাপস রায় প্রশিক্ষণার্থীদের উদ্দেশ্যে উদ্বুদ্ধমূলক বক্তব্য প্রদান করেন।