
ইসলামী ব্যাংকসহ দেশের ব্যাংকিং সেক্টরে অবৈধ নিয়োগ ও বৈষম্যের প্রতিবাদে জামালপুরের বকশীগঞ্জে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৬ অক্টোবর) দুপুরের দিকে উপজেলার ইসলামী ব্যাংক শাখা কার্যালয়ের সামনে এ কর্মসূচির আয়োজন করে বৈষম্য বিরোধী চাকরি প্রত্যাশী পরিষদ ও ইসলামী ব্যাংক গ্রাহক ফোরাম।
মানববন্ধনে অংশ নেন শতাধিক সাধারণ গ্রাহক ও স্থানীয় চাকরিপ্রত্যাশী। তারা অভিযোগ করেন, ২০১৭ থেকে ২০২৪ সাল পর্যন্ত প্রভাবশালী গোষ্ঠী—বিশেষ করে এস আলম গ্রুপের প্রভাবে ইসলামী ব্যাংকসহ বিভিন্ন ব্যাংকে বিপুল পরিমাণ অদক্ষ ও অবৈধ নিয়োগ সম্পন্ন হয়েছে। এতে মেধাবী প্রার্থীরা ন্যায্য সুযোগ থেকে বঞ্চিত হচ্ছেন।
বক্তারা বলেন, জনগণের টাকায় পরিচালিত ব্যাংকগুলো জনগণের স্বার্থেই পরিচালিত হওয়া উচিত। অথচ ব্যাংকিং সেক্টরে প্রভাবশালীদের একচ্ছত্র নিয়ন্ত্রণ ও অনিয়মের কারণে ব্যাংকিং ব্যবস্থার প্রতি মানুষের আস্থা নষ্ট হচ্ছে। তারা অবিলম্বে এসব অবৈধ নিয়োগ বাতিল ও স্বচ্ছ, মেধাভিত্তিক নিয়োগ প্রক্রিয়া বাস্তবায়নের দাবি জানান।
বক্তারা আরও বলেন, ব্যাংকিং সেক্টরে চলমান বৈষম্য দেশের অর্থনৈতিক ভারসাম্যের জন্য বড় হুমকি। যোগ্যতার পরিবর্তে প্রভাবের ভিত্তিতে নিয়োগ হলে মেধার বিকাশ বাধাগ্রস্ত হবে এবং সাধারণ মানুষের অর্থ ঝুঁকিতে পড়বে।
মানববন্ধনে অংশগ্রহণকারীদের হাতে বিভিন্ন শ্লোগানসম্বলিত ব্যানার ও প্ল্যাকার্ড দেখা যায়। তাতে লেখা ছিল— “মেধার বিকাশ চাই, দুর্নীতি নয়”, “এস আলমের অবৈধ নিয়োগের বিচার চাই” ইত্যাদি।