প্রিন্ট এর তারিখঃ Nov 21, 2026 ইং || প্রকাশের তারিখঃ Oct 6, 2025 ইং
নেছারাবাদে মোটরসাইকেল চালকের ঘর থেকে অস্ত্র উদ্ধার

পিরোজপুরের নেছারাবাদ উপজেলার সমুদয়কাঠি ইউনিয়নের মেসন্ডা গ্রামে মো. বাদল হোসেন (৪২) নামে এক মোটরসাইকেল চালকের বসতঘর থেকে একটি দেশীয় অস্ত্র (পাইপগান) উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (৩ অক্টোবর) বিকেলে এ অস্ত্র উদ্ধার করা হয়।
নেছারাবাদ থানার উপপরিদর্শক (এসআই) নাঈম বিষয়টি শুক্রবার রাতে নিশ্চিত করে বলেন,খবর পেয়ে বাদলের ঘর থেকে একটি অস্ত্র উদ্ধার করেছি। তবে অস্ত্রটি সচল না অচল—তা পরীক্ষা করে দেখা হচ্ছে। বিষয়টি তদন্তাধীন।
স্থানীয় ইউপি সদস্য গৌতম পাল বলেন,দুপুরে বাদলের ঘর থেকে পুলিশ পাইপগানটি উদ্ধার করে। শুনেছি, বাদল নিজেই ঘরে অস্ত্রটি দেখে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ এসে তা উদ্ধার করে থানায় নিয়ে যায়।
বাদল হোসেনও বিষয়টি নিশ্চিত করে বলেন,প্রথমে আমার স্ত্রী রুবি বেগম ঘরে অস্ত্রটি দেখতে পান। পরে আমি বড় ভাইকে জানাই এবং আমরা থানায় খবর দিই। পুলিশ এসে অস্ত্র উদ্ধার করে থানায় নিয়ে গেছে। আমি দুপুর থেকে রাত পর্যন্ত থানায় ছিলাম।
এ বিষয়ে নেছারাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বনি আমিন বলেন, বাদলের কাঠের ঘরের জানালার কপাট ছিল না। সেই জানালার পাশে পাইপগানটি পড়ে থাকতে দেখে বাদল নিজেই আমাদের খবর দেয়। তাই এ ঘটনায় কাউকে গ্রেপ্তার করা হয়নি। বিষয়টি তদন্ত করা হচ্ছে।
স্বত্ব © দৈনিক জনতার খবর ২০২৫ | ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।