
মোঃ মশিউর রহমান।।
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দিনাজপুর জেলা পুলিশের নির্বাচনি দায়িত্বে নিয়োজিত সদস্যদের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে তিনদিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করা হয়েছে।
রবিবার (৫ অক্টোবর ২০২৫) সকালে দিনাজপুর ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারের আয়োজনে “নির্বাচনি দায়িত্বে নিয়োজিত পুলিশ সদস্যদের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধি” শীর্ষক এ প্রশিক্ষণ কর্মশালার শুভ উদ্বোধন করেন দিনাজপুর জেলার পুলিশ সুপার জনাব মোঃ মারুফাত হুসাইন।
প্রধান অতিথির বক্তব্যে পুলিশ সুপার বলেন,
“আসন্ন জাতীয় নির্বাচন গণতান্ত্রিক ব্যবস্থার একটি গুরুত্বপূর্ণ অংশ। এই নির্বাচনের সুষ্ঠু ও নিরপেক্ষ সম্পাদনে পুলিশের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। নির্বাচনি দায়িত্ব পালনের সময় প্রত্যেক সদস্যকে আইন-শৃঙ্খলা রক্ষা, ভোটারদের নিরাপত্তা এবং শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার প্রতি সর্বোচ্চ মনোযোগ দিতে হবে।”
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জনাব সিফাত-ই-রাব্বান, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি), দিনাজপুর। কর্মশালায় জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
তিনদিনব্যাপী এই প্রশিক্ষণে নির্বাচনি দায়িত্ব পালনের সময় আচরণবিধি, যোগাযোগ কৌশল, আইনগত দিক এবং মাঠপর্যায়ে করণীয় বিষয়গুলো নিয়ে বিস্তারিত আলোচনা করা হবে।