
মানিকগঞ্জ শহরের পশ্চিম দাশড়া এলাকার স্বর্ণাকারপট্টিতে একটি স্বর্ণের দোকানে ভয়াবহ ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। শনিবার (৪ অক্টোবর) রাত সোয়া ১২টার দিকে ‘অভি অলংকার’ নামে দোকানটিতে দুই মুখোশধারী ছিনতাইকারী প্রবেশ করে।
পুলিশ সূত্রে জানা যায়, ছিনতাইকারীরা দোকান মালিক শুভ দাসের গলায় দেশীয় অস্ত্র ঠেকিয়ে লকার ভেঙে প্রায় ২০ থেকে ২২ ভরি স্বর্ণালংকার লুট করে নেয়। যার আনুমানিক বাজারমূল্য প্রায় ৩৬ লাখ টাকা।
এ সময় দোকান মালিক শুভ দাস বাধা দিলে ছিনতাইকারীরা তাকে পিছন দিক থেকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর আহত করে পালিয়ে যায়।
খবর পেয়ে মানিকগঞ্জ সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার ও সদর থানা পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করে। পরে আহত শুভ দাসকে উদ্ধার করে মানিকগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়।