প্রিন্ট এর তারিখঃ Nov 21, 2026 ইং || প্রকাশের তারিখঃ Oct 4, 2025 ইং
মিরপুরের পয়ারী গ্রামে সড়ক দুর্ভোগ, দ্রুত পাকা করার দাবি এলাকাবাসীর

মোঃ কারিবুল ইসলাম।।
কুষ্টিয়ার মিরপুর উপজেলার ছাতিয়ান ইউনিয়নের পয়ারী গ্রামের মশাতলা থেকে রেজাউল করিমের বাড়ি পর্যন্ত সংযোগ সড়কটি দীর্ঘদিন ধরে অত্যন্ত জরাজীর্ণ অবস্থায় রয়েছে। প্রায় ২৫টি পরিবারের বসবাস এই সড়কের পাশেই। এলাকাবাসীর অভিযোগ, দীর্ঘদিন ধরে সড়কটি কাঁচা অবস্থায় পড়ে আছে, বর্ষা মৌসুমে চলাচলের একেবারে অনুপযোগী হয়ে পড়ে। এতে করে স্থানীয় শিক্ষার্থী, শ্রমজীবী ও সাধারণ মানুষদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।
স্থানীয় বাসিন্দারা জানান, “এই সড়কটিই আমাদের চলাচলের একমাত্র মাধ্যম। বর্ষা এলে হাঁটু পরিমাণ কাদা জমে। শিশু ও বৃদ্ধদের চলাচল প্রায় অসম্ভব হয়ে পড়ে। কেউ অসুস্থ হলে হাসপাতালে নিয়ে যাওয়াও কষ্টকর হয়ে পড়ে।”
তারা আরও জানান, দীর্ঘদিন ধরেই সড়কটি পাকা করার দাবি জানিয়ে আসছেন স্থানীয় প্রশাসনের কাছে, কিন্তু এখনো তা আলোর মুখ দেখেনি। বিষয়টি নিয়ে ইউনিয়ন পরিষদসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন স্থানীয়রা।
এলাকাবাসীর জোরালো দাবি, অবিলম্বে মশাতলা থেকে রেজাউল করিমের বাড়ি পর্যন্ত সড়কটি পাকা করা হোক, যেন সাধারণ মানুষ স্বাভাবিকভাবে চলাচল করতে পারে এবং দুর্ভোগ থেকে মুক্তি পায়।
স্বত্ব © দৈনিক জনতার খবর ২০২৫ | ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।