
মোঃ হামিদুর ইসলাম।।
মানিকগঞ্জের সিংগাইর উপজেলার আঠালিয়া গ্রামে জমি সংক্রান্ত বিরোধের জেরে হানিফ (৫৫) নামের এক ব্যক্তিকে কুপিয়ে ও টেঁটা বিদ্ধ করে হত্যা করেছে তার চাচাতো দুই ভাই। শনিবার (৪ অক্টোবর) দুপুর সাড়ে ৩টার দিকে নিজ বাড়ির সামনে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।
নিহত হানিফ ধল্লা ইউনিয়নের ইলা ব্যাপারীর ছেলে। তিনি মমতাজ চক্ষু হাসপাতালের এক চিকিৎসকের ড্রাইভার ছিলেন এবং চার সন্তানের জনক ছিলেন।
নিহতের মেয়ে স্মৃতি জানান, পরিবারের সঙ্গে চাচাতো ভাই স্বাধীন ও জাহাঙ্গীরের দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলছিল। দুপুরে এ নিয়ে কথাকাটাকাটির এক পর্যায়ে স্বাধীন ও জাহাঙ্গীর রামদা ও টেঁটা দিয়ে হানিফের ওপর হামলা চালালে তিনি ঘটনাস্থলেই মারা যান। ঘটনার পরপরই অভিযুক্তরা পালিয়ে যায়।
সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জেওএম তৌফিক আজম জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছেছে এবং মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ জেলা হাসপাতালে পাঠানো হয়েছে। তিনি আরও বলেন, ঘটনার তদন্ত চলছে এবং আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।