প্রিন্ট এর তারিখঃ Nov 21, 2026 ইং || প্রকাশের তারিখঃ Oct 4, 2025 ইং
কুয়েত থেকে হাজারো কুয়েতি ও প্রবাসীর দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি

মধ্যপ্রাচ্যের দেশ কুয়েতে বসবাসরত হাজারো কুয়েতি নাগরিক ও প্রবাসী বর্তমানে কঠোর ভ্রমণ নিষেধাজ্ঞার আওতায় পড়েছেন। আকস্মিকভাবে জারি হওয়া এই সিদ্ধান্তের ফলে বিমানবন্দরে ভ্রমণকারীদের মধ্যে চরম ভোগান্তির সৃষ্টি হয়েছে।
দ্যা আরব টাইমসের এক প্রতিবেদনে জানানো হয় যে, সরকারি নির্দেশনা অনুযায়ী, যেসব ব্যক্তির নামে ঋণ, ব্যাংক লোন, বকেয়া বিল বা অন্য কোনো আর্থিক দায়-দায়িত্ব রয়েছে, তাদের দেশ ছাড়তে দেওয়া হবে না। এতে করে প্রবাসী শ্রমিক থেকে শুরু করে ব্যবসায়ী ও সাধারণ নাগরিক সহ সবাই ক্ষতিগ্রস্ত হচ্ছেন। অনেকে টিকিট ও ভিসা প্রস্তুত থাকা সত্ত্বেও শেষ মুহূর্তে বিমানবন্দর থেকে ফেরত যাচ্ছেন।
কুয়েতের আইন প্রয়োগকারী সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, কুয়েত ছেড়ে যাওয়ার আগে প্রত্যেককে আর্থিক দায়মুক্ত থাকতে হবে। অর্থাৎ বকেয়া বিল, ঋণ বা জরিমানা পরিশোধ না করলে দেশত্যাগ অসম্ভব হবে। এর মাধ্যমে সরকারের উদ্দেশ্য হলো ঋণ খেলাপিদের চাপে ফেলা ও আর্থিক শৃঙ্খলা নিশ্চিত করা।
এই আকস্মিক ভ্রমণ নিষেধাজ্ঞা নিয়ে দেশজুড়ে আলোচনা-সমালোচনা চলছে। বিশেষ করে প্রবাসী সমাজে উদ্বেগ তৈরি হয়েছে।অনেকেই ছুটি বা পারিবারিক কারণে দেশে ফিরতে না পেরে বিপাকেও পড়েছেন।
স্বত্ব © দৈনিক জনতার খবর ২০২৫ | ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।