বৃহস্পতিবার (২ অক্টোবর) বিকাল ২টা থেকে নগরীর কবি নজরুল অডিটোরিয়ামে দিনব্যাপী এ কনফারেন্স অনুষ্ঠিত হয়।
ফোরামের সভাপতি মাওলানা আহমদ কবির খলিলের সভাপতিত্বে ও কবি মীম সুফিয়ানের সঞ্চালনায় আয়োজিত কনফারেন্সে দেশের শীর্ষস্থানীয় আলেমরা কওমি শিক্ষা, নৈতিকতা ও নেতৃত্ব গঠনের ওপর দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।
উদ্বোধনী বক্তব্যে শায়খুল হাদীস হাবিবে রব্বানী কওমি শিক্ষার গুরুত্ব তুলে ধরে বলেন, “কওমি শিক্ষা শুধু জ্ঞান নয়, এটি আত্মশুদ্ধির এক মহাসোপান।” মাওলানা হেমায়েত উদ্দিন বলেন, “শিক্ষা ও আত্মগঠনই প্রকৃত নেতৃত্বের ভিত্তি।”
মাওলানা আতাউল হক জালালাবাদী কওমি শিক্ষায় শিক্ষক-শিক্ষার্থীর সম্পর্ককে প্রাণশক্তি হিসেবে অভিহিত করেন। মুফতি রিদওয়ান হাসান বলেন, “মূল ঐতিহ্য অক্ষুণ্ণ রেখে শিক্ষা সংস্কার সময়ের দাবি।”
আবেগঘন বক্তব্যে মাওলানা রুহুল আমীন সাদী কওমিয়ানদের আত্মত্যাগকে অনুপ্রেরণার উৎস হিসেবে উল্লেখ করেন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মাওলানা সালমান আহমদ, শায়খুল হাদিস আব্দুল বছির, মাওলানা মুসলেহুদ্দিন আহমদ গহরপুরী, মাওলানা জয়নাল আবেদিন, শায়খুল হাদিস নজরুল ইসলাম কাসেমি, মাওলানা শাহ মমশাদ আহমদ, মুফতি মুজাহিদুল ইসলাম শ্রীমঙ্গলি, মাওলানা নুমানুল হক চৌধুরী ও এড. মাওলানা মাহমুদুল হাসানসহ দেশবরেণ্য আলেমরা।
বিপুল জনসমাগম ও প্রাণবন্ত আলোচনার মধ্য দিয়ে কওমি কনফারেন্সটি এক মিলনমেলায় পরিণত হয়। পরিশেষে দেশ, জাতি ও উম্মাহর কল্যাণ কামনা করে দোয়ার মাধ্যমে অনুষ্ঠানটির সমাপ্তি ঘটে।