প্রিন্ট এর তারিখঃ Nov 21, 2026 ইং || প্রকাশের তারিখঃ Oct 4, 2025 ইং
পঞ্চগড়ে দেবীগঞ্জ উপজেলায় ধানক্ষেতে জালে পেঁচানো অবস্থায় অজগর সাপ উদ্ধার

ইব্রাহীম আলী, জেলা প্রতিনিধি, পঞ্চগড়।
পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলায় বিপন্ন প্রজাতির একটি ভারতীয় অজগর উদ্ধার করেছে বন বিভাগ।শুক্রবার (৩ অক্টোবর) বিকেলে উপজেলার দন্ডপাল ইউনিয়নের প্রধানাবাদ আধখানা পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, এলাকার এক কৃষকের ধানক্ষেতে বেড়া দেওয়া জালে প্রায় ৫ ফুট লম্বা ও প্রায় ৮ কেজি ওজনের অজগরটি আটকে পড়ে। পরে স্থানীয়রা বিষয়টি দেখে দ্রুত দেবীগঞ্জ বন বিভাগে খবর দেন। খবর পেয়ে বন বিভাগের কর্মকর্তারা স্থানীয়দের সহায়তায় সাপটিকে জীবিত অবস্থায় উদ্ধার করে কার্যালয়ে নিয়ে যান।সাপটি উদ্ধার হওয়ার খবর ছড়িয়ে পড়লে মুহূর্তেই বিভিন্ন এলাকা থেকে উৎসুক মানুষের ভিড় জমে যায়। স্থানীয় স্কুল শিক্ষক নির্মল কুমার রায় বলেন, “অজগর সাপ উদ্ধার হয়েছে খবর শুনে দেখতে এসেছি। মুহূর্তের মধ্যে অনেক মানুষ ভিড় করেছে।”
এ বিষয়ে দেবীগঞ্জ উপজেলা বন কর্মকর্তা রিয়াজুল হাসনাত জানান, “উদ্ধারকৃত সাপটি একটি ভারতীয় অজগর। ধারণা করা হচ্ছে সাম্প্রতিক বন্যার পানির স্রোতে এটি ভারত থেকে ভেসে এসেছে এবং খাদ্যের সন্ধানে লোকালয়ে প্রবেশ করেছে। বর্তমানে সাপটি সুস্থ আছে। দ্রুত সময়ের মধ্যে এটিকে দিনাজপুরের সিংড়া ফরেস্টে অবমুক্ত করা হবে।”
স্বত্ব © দৈনিক জনতার খবর ২০২৫ | ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।