
বিতার্কিক হওয়ার স্বপ্ন দেখছে প্রান্তিক অঞ্চলের শিক্ষার্থীরা। বাংলাদেশ ডিবেট ফেডারেশনের সহযোগিতায় কালাই উপজেলা প্রশাসনের আয়োজনে ২৬ ও ২৭ সেপ্টেম্বর দুই দিনব্যাপী সংসদীয় বিতর্ক কর্মশালা ও প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় উপজেলা পরিষদের মিলনায়তনে।
কালাই উপজেলার ১২টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেয় এ আয়োজনে। সুবিধাবঞ্চিত গ্রামীণ জনপদের শিক্ষার্থীরাও উৎসাহ নিয়ে যুক্ত হয় বিতর্ক প্রশিক্ষণে। প্রশিক্ষণ শেষে অনুষ্ঠিত প্রতিযোগিতায় আলোচিত হয় জনসচেতনতামূলক নানা বিষয়। এর মধ্যে ছিল—প্রাতিষ্ঠানিক শিক্ষার তুলনায় কারিগরি শিক্ষার গুরুত্ব, পরিবেশ রক্ষায় প্লাস্টিকজাত পণ্যের ব্যবহার নিষিদ্ধ করা ইত্যাদি।
কালাই উপজেলা নির্বাহী কর্মকর্তা শামিমা আক্তার জাহান বলেন,
‘আমি ঢাকা ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটির কমিটিতে (২০১৩-১৪) সভাপতি ছিলাম। বর্তমানে বাংলাদেশ ডিবেট ফেডারেশনের সহসভাপতি হিসেবে দায়িত্ব পালন করছি। বিতর্ক আমার আবেগের জায়গা। কালাইয়ের শিক্ষার্থীদের আগ্রহ দেখে এই সংসদীয় বিতর্ক কর্মশালা আয়োজন করেছি। এর মাধ্যমে নতুন নেতৃত্ব তৈরি হবে এবং যুক্তিনির্ভর সমাজ গঠনে সহায়ক ভূমিকা রাখবে।’
কর্মশালায় প্রশিক্ষক হিসেবে অংশ নেন বাংলাদেশ ডিবেট ফেডারেশনের সাংগঠনিক সম্পাদক ও বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয় ডিবেটিং ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক নাঈম মাহমুদ, ঢাকা বিশ্ববিদ্যালয় ডিবেটিং ক্লাবের বিতার্কিক মো. রহমতুল্লাহ এবং বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের বিতার্কিক কাজি হামিমুল হক সীমান্ত।
নাঈম মাহমুদ বলেন,
‘আমরা সব সময় প্রান্তিক অঞ্চলে বিতর্কের প্রসারে আগ্রহী। কালাইয়ের শিক্ষার্থীদের উৎসাহ দেখে ভালো লাগছে। শিক্ষার্থীদের স্কুল অব ডিবেটের অনলাইন সংস্করণে নিবন্ধনের পরামর্শ দিয়েছি।’