প্রিন্ট এর তারিখঃ Nov 21, 2026 ইং || প্রকাশের তারিখঃ Oct 2, 2025 ইং
পাবনায় পরকীয়ার জেরে যুবককে কুপিয়ে হত্যা, আটক ১

আব্দুল আলিম বিশেষ প্রতিনিধি পাবনা
পাবনা পৌর এলাকায় পরকীয়ার জেরে আকাশ হোসেন (২৫) নামের এক যুবককে কুপিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন নাইম হোসেন নামের আরও একজন। পুলিশ ঘটনার সাথে জড়িত সন্দেহে সুভেল হোসেন নামের এক যুবককে আটক করেছে।
মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) দিবাগত রাত একটার দিকে পৌর এলাকার সাধুপাড়া ব্রিজের কাছে এ ঘটনা ঘটে। নিহত আকাশ সদর উপজেলার পলিথিন মোড় এলাকার সোহেল হোসেনের ছেলে এবং আহত নাইম একই এলাকার মৃত লালু মণ্ডলের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সাধুপাড়ার এক গৃহবধূর সঙ্গে মিল্লাত নামের এক যুবকের পরকীয়া সম্পর্ক ছিল। এ সম্পর্কের প্রমাণ ছিল আকাশ ও নাইমের কাছে। মঙ্গলবার রাতে আকাশ ও নাইম বিষয়টি নিয়ে মিল্লাত ও তার সহযোগী সুভেলের সঙ্গে কথা কাটাকাটিতে জড়িয়ে পড়েন। এক পর্যায়ে মিল্লাতের হাতে থাকা ছুরি দিয়ে তাদের কুপিয়ে জখম করা হয়। স্থানীয়রা আহতদের উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে নিলে চিকিৎসক আকাশকে মৃত ঘোষণা করেন।
পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সালাম বলেন, “প্রাথমিকভাবে পরকীয়ার জেরেই হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। ঘটনাস্থল থেকে একজনকে আটক করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।”
স্বত্ব © দৈনিক জনতার খবর ২০২৫ | ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।