প্রিন্ট এর তারিখঃ Nov 22, 2026 ইং || প্রকাশের তারিখঃ Oct 1, 2025 ইং
জাকারিয়া বাচ্চুর পূজা মন্ডপ পরিদর্শন ও আর্থিক সহায়তা প্রদান

দিনাজপুর জেলা প্রতিবেদকঃমোঃ মশিউর রহমান।
দিনাজপুর-৫ (পার্বতীপুর-ফুলবাড়ী) আসনের বিএনপির মনোনয়নপ্রত্যাশী এবং জননেতা এস এম জাকারিয়া বাচ্চু পার্বতীপুর উপজেলার হরিরামপুর, হামিদপুর ও হাবড়া ইউনিয়নের বিভিন্ন দুর্গাপূজা মণ্ডপ পরিদর্শন করেছেন। শারদীয় দুর্গাপূজা উপলক্ষে তিনি প্রতিটি মণ্ডপে নগদ আর্থিক সহায়তা প্রদান করেন এবং উৎসবের সার্বিক প্রস্তুতি সম্পর্কে খোঁজ-খবর নেন।
মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) বিকেল থেকে শুরু করে গভীর রাত পর্যন্ত একটানা এসব মণ্ডপ পরিদর্শন করেন তিনি। মণ্ডপ পরিদর্শনের সময় পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় করেন এবং ধর্মীয় সম্প্রীতি ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার আহ্বান জানান।
জাকারিয়া বাচ্চু বলেন, “শারদীয় দুর্গাপূজা হিন্দু ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব। এ উৎসবকে ঘিরে যেন কোনো ধরনের বিশৃঙ্খলা না হয় এবং সকলে মিলেমিশে উৎসবটি উদযাপন করতে পারে, সে লক্ষ্যে আমরা সবাইকে নিয়ে কাজ করছি। বিএনপি সবসময় ধর্মীয় সম্প্রীতির পক্ষে এবং জনগণের পাশে।”
তিনি আরও বলেন, “আমি আগামী জাতীয় সংসদ নির্বাচনে দিনাজপুর-৫ আসন থেকে বিএনপির মনোনয়ন প্রত্যাশী। নির্বাচনকে সামনে রেখে আপনাদের দোয়া ও সহযোগিতা চাই।”
পূজা মণ্ডপ পরিদর্শনের সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন আরাফাত রহমান কোকো ক্রীড়া সংসদ দিনাজপুর জেলা শাখার আহ্বায়ক ও জেলা যুবদলের সাবেক সহ-সভাপতি মাহফিজুল ইসলাম মাসুম, বিএনপি নেতা মাহফুজার রহমান মানিক, স্থানীয় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীবৃন্দ।
স্থানীয় পূজা উদযাপন কমিটির নেতারা জাকারিয়া বাচ্চুর এ ধরনের উদ্যোগের ভূয়সী প্রশংসা করে বলেন, “তিনি সবসময় আমাদের পাশে থেকেছেন। তার এ সহানুভূতিশীল দৃষ্টিভঙ্গি এবং আর্থিক সহায়তা আমাদের উৎসব আয়োজনকে আরও উৎসাহ জুগিয়েছে।”
স্বত্ব © দৈনিক জনতার খবর ২০২৫ | ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।